নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের সবচেয়ে সফল দল ইস্ট বেঙ্গল। টুর্নামেন্টের সর্বাধিক ৩৯বার (২০২৪-২৫ মরশুম বাদে) শিরোপা জয়ের রেকর্ড তাদের ঝুলিতে। লিগে দুরন্ত ছন্দে বিনো জর্জের ছেলেরা। গ্রুপ এ’তে শীর্ষে থেকেই চ্যাম্পিয়নশিপ রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে লাল-হলুদ ব্রিগেড। তবে খেতাবি লড়াইয়ে শুরুতেই কঠিন চ্যালেঞ্জের সামনে মশাল বাহিনী। বৃহস্পতিবার ক্লাবের মাঠে টুর্নামেন্টের নবাগত দল ইউনাইটেড কলকাতার মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। ইয়ান ল’এর প্রশিক্ষণে গ্রুপ পর্বে দুরন্ত ফুটবল মেলে ধরে কর্পোরেট দলটি। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি’তে দ্বিতীয় হয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছয় তারা। তাই অভিষেকে লিগ জয়ের দৌড়ে টিকে থাকতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া ইউনাইটেড কলকাতা।
চলতি মরশুমে কলকাতা লিগের শুরুটা মোটেই ভালো হয়নি ইস্ট বেঙ্গলের। প্রথম চার ম্যাচে ঝুলিতে মাত্র পাঁচ পয়েন্ট। তবে লিগের ডার্বি জয়ের পর আর পিছনে ফিরে তাকায়নি লাল-হলুদ ব্রিগেড। শেষ ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জিতে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে লাল-হলুদ ব্রিগেড। তবে এবার গ্রুপ পর্বের কোনও পয়েন্ট আর চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে যোগ হবে না। ফলে শূন্য থেকেই শুরু করতে হবে তাদের। তারউপর সুপার সিক্সের প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। তাই কোনও ম্যাচে পয়েন্ট নষ্ট মানেই কঠিন হবে খেতাব জয়ের পথ। সেই কথা মাথায় রেখেই বৃহস্পতিবার দল মাঠে নামবেন লাল-হলুদ কোচ।
গ্রুপ পর্বে সিনিয়র দলের বেশ কিছু ফুটবলার লিগে মাঠে নেমেছিল। বৃহস্পতিবারও ডেভিড, এডমুন্ডদের দেখা যেতে পারে। তবে চোটের কারণে নেই শৌভিক। পাশাপাশি কার্ড সমস্যায় দেবজিৎ ও সায়নকে পাবে না ইস্ট বেঙ্গল। এমন পরিস্থিতিতে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে হচ্ছে কোচ বিনোকে। বুধবার অনুশীলন শেষে তিনি বলেন, ‘গ্রুপ পর্বের ফল অতীত। সামনে তিনটি ম্যাচ কার্যত নক-আউট। ক্লাবের মাঠে খেলবে দল। এটা অবশ্যই বাড়তি পাওনা। সমর্থকদের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।’
অন্যদিকে, ইউনাইটেড কলকাতার কোচ ইয়ান ল জানান, ‘ইস্ট বেঙ্গল এবারের লিগের সবথেকে ধারাবহিক দল। তাই লড়াইটা সহজ হবে না। তবে খেতাবি লড়াইয়ে টিকে থাকতে তিন পয়েন্ট পেতেই হবে।’
ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ শুরু দুপুর তিনটে। সরাসরি এসএসইএন অ্যাপে।