সঞ্জয় সরকার কলকাতা
সঞ্জয় সরকার কলকাতা
ডার্বি জয়ের পরের ম্যাচেই পয়েন্ট নষ্টের উদাহরণ প্রচুর। তাই ঘরোয়া লিগে ধারাবাহিকতায় চোখ ইস্ট বেঙ্গলের। মঙ্গলবার বারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে বিএসএস স্পোর্টিংয়ের মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। সুপার সিক্সের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচেও তিন পয়েন্ট তুলে নেওয়া জরুরি ইস্ট বেঙ্গলের। তবে বিএসএস ম্যাচের আগে ফুটবলারের চোট-আঘাত কিছুটা হলেও চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। ডার্বিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন জেসিন টিকে। ফলে মঙ্গলবার তাঁকে ছাড়াই দল সাজাতে হবে লাল-হলুদ কোচকে। অন্য স্ট্রাইকার মনোতোষ মাজিও অনিশ্চিত। এছাড়া গত ম্যাচে লাল কার্ড দেখায় বিএসএস ম্যাচে নেই সিকে আমনও। তাই আপফ্রন্ট নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি কেরলের মহম্মদ আসিফকে সই করিয়েছে ইস্ট বেঙ্গল। তবে যাবতীয় প্রতিকূলতাকে জয় করে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়াই লক্ষ্য বিনো জর্জ ব্রিগেডের।
ডার্বিতে সিনিয়র দলের ছয় ফুটবলারকে স্কোয়াডে রেখেছিল ইস্ট বেঙ্গল। তবে বিএসএসের বিরুদ্ধে সেই সংখ্যাটা কমতে চলেছে। সোমবার রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করেন ডেভিড, রামসাঙ্গা ও মার্ক জোথাংপুইয়া। ফলে মঙ্গলবার প্রয়োজনে তাঁদের ব্যবহার করতে পারেন কোচ বিনো। এদিন লাল-হলুদ কোচ জানান, ‘ডার্বি জয় অবশ্যই ছেলেদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে সেটা অতীত। সামনে বিএসএস ম্যাচ। আমাদের লক্ষ্য সুপার সিক্স। তার জন্য এই ম্যাচেও জয় তুলে নিতে হবে।’
লিগের তৃতীয় ম্যাচেই মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই দলের। তবে প্রবল বৃষ্টির কারণে সেদিন ম্যাচ ভেস্তে যায়। পরিবর্তিত সূচিতে লড়াইয়ে নামার আগে দু’দলই পাঁচটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে ইস্ট বেঙ্গলের ঝুলিতে রয়েছে আট পয়েন্ট। আর বিএসএসের সংগ্রহ সাত। পয়েন্ট তালিকায় লাল-হলুদের ঠিক পরেই রয়েছে বেহালার ক্লাবটি। তবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ের আগে কার্ড সমস্যায় দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ডেভিড ও সাইকিয়াকে পাবেন না কোচ শ্রীমন্ত দাস। তা সত্ত্বেও ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ভালো ফলের ব্যাপারে আশাবাদী তিনি। তাঁর কথায়, ‘প্রতিপক্ষ ভালো দল। তার উপর ডার্বি জিতে খেলতে নামবে। তবে দলের বেশিরভাগ ফুটবলার তরুণ। তাই আত্মতুষ্টি হতেই পারে। আর সেটাই আমাদের কাজে লাগাতে হবে।’
বারাকপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর তিনটেয়। সম্প্রচার এসএসইএন অ্যাপে।