শিবাজী চক্রবর্তী, কলকাতা: গত বৃহস্পতিবার কলকাতায় এসেছেন ইস্ট বেঙ্গলের জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকি। কিন্তু তাঁর আন্তর্জাতিক ছাড়পত্র এখনও পায়নি ইস্ট বেঙ্গল। অর্থাৎ, মঙ্গলবার আইএফএ শিল্ডে নামধারী এফসি’র বিরুদ্ধে হিরোশির খেলা হচ্ছে না। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচের ২৪ ঘণ্টা আগে ফুটবলার নথিভুক্ত করাতে হয়। লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট হিরোশির জন্যই একটি স্লট ফাঁকা রেখেছিল। কিন্তু বিধি বাম। অথচ জাপানি ফুটবলারকে পরিকল্পনায় রেখেই এদিন অনুশীলন করান অস্কার ব্রুজোঁ। অন্তত কিছুক্ষণ খেলানোর ভাবনা ছিল স্প্যানিশ কোচের। আপাতত সেই চিন্তা শিকেয় উঠেছে।
আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি এফসি’কে ৪ গোলে হারায় ইস্ট বেঙ্গল। অন্যদিকে, হায়দরাবাদের দলটিকে ৩-০ ব্যবধানে পরাস্ত করে নামধারী। অর্থাৎ, গোল পার্থক্যে এগিয়ে অস্কার ব্রিগেড। সেক্ষেত্রে মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে ড্র করলেই ফাইনালে পৌঁছে যাবে ইস্ট বেঙ্গল। তবে শৌভিকদের স্প্যানিশ কোচ কোনও ঝুঁকি নিতে নারাজ। আক্রমণাত্মক ফুটবল খেলেই ৩ পয়েন্ট হাসিল করতে চান অস্কার। তাঁর মন্তব্য, ‘নামধারীর ম্যাচ দেখেছি। এবারের শিল্ডে দুই প্রধানের পর পাঞ্জাবের দলটিই বেশ শক্তিশালী। সতর্ক থেকেই ম্যাচ বের করতে হবে।’ শ্রীনিধি ম্যাচের উইনিং স্কোয়াডে একটিমাত্র পরিবর্তনের সম্ভাবনা। গোলে দেবজিতের বদলে ফিরতে পারেন প্রভসুখন সিং গিল। অল ইন্ডিয়ার ডিফেন্স নিয়েই প্রথম একাদশ সাজানোর ভাবনা লাল-হলুদ সারথির। সেক্ষেত্রে আপফ্রন্টে চার বিদেশি খেলানোর সুযোগ থাকছে। ইস্ট বেঙ্গলের আসল শক্তি মাঝমাঠ। সাউল ক্রেসপো, রশিদ ও মিগুয়েলের ত্রিভুজ যে কোনও রক্ষণে ফাটল ধরানোর ক্ষমতা রাখে। পাশাপাশি বিষ্ণু, বিপিন সিং ও এডমুন্ডের মতো উইঙ্গার দলের সম্পদ। পরিস্থিতি অনুযায়ী তাদের ব্যবহার করবেন স্প্যানিশ কোচ।
ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গল ও নামধারী এফসি একই গ্রুপে ছিল। যুবভারতীতে মুখোমুখি সাক্ষাতে হামিদের লক্ষ্যভেদে জয় পায় মশালবাহিনী। মরক্কান স্ট্রাইকার এবারও জাল কাঁপাতে তৈরি। তবে নামধারীর ঘানাইয়ান স্টপার লামিনে মোরো কড়া টক্কর দিতে পারেন। বড় চেহারার এই ডিফেন্ডারকে দিয়েই ইস্ট বেঙ্গলকে থামাতে চায় নামধারী। তাদের অবশ্য হারানোর কিছু নেই। জিতলেই শিল্ড ফাইনালে পৌঁছে যাবে তারা। অঘটন ঘটাতে মরিয়া পাঞ্জাবের ক্লাবটি।
কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে।
সম্প্রচার এসএসইএন অ্যাপে।