Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রস্তুতি ম্যাচের মেজাজে জিতল ইস্ট বেঙ্গল, শিল্ডের উদ্বোধনী লড়াইয়ে চার গোলে হার শ্রীনিধির

কল্যাণী স্টেডিয়ামের প্রাকৃতিক শোভা অসাধারণ। একদিকে বিশাল জলাশয়। গাছগাছালিও প্রচুর। বুধবার আইএফএ শিল্ডের উদ্বোধনে শিল্পশহর আরও রংদার।

প্রস্তুতি ম্যাচের মেজাজে জিতল ইস্ট বেঙ্গল, শিল্ডের উদ্বোধনী লড়াইয়ে চার গোলে হার শ্রীনিধির
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:১০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী  কল্যাণী

Advertisement

ইস্ট বেঙ্গল- ৪                    :                  শ্রীনিধি এফসি- ০
(জয়, সাউল, হামিদ, জিকসন)

কল্যাণী স্টেডিয়ামের প্রাকৃতিক শোভা অসাধারণ। একদিকে বিশাল জলাশয়। গাছগাছালিও প্রচুর। বুধবার আইএফএ শিল্ডের উদ্বোধনে শিল্পশহর আরও রংদার। কাজের দিনেও প্রিয় দলের ম্যাচ দেখতে মাঠ ভরালেন লাল-হলুদ সমর্থকরা। রানাঘাট, আড়ংঘাটা, চাকদহ থেকে আসা বাঙাল-ব্রিগেডের মুখে হাজার ওয়াটের আলো। উৎসবের মরশুমে বড় জয় উপহার দিলেন মিগুয়েলরা। শ্রীনিধি এফসিকে ৪-০ গোলে হারিয়ে শিল্ড অভিযান শুরু হল অস্কার-ব্রিগেডের। প্রতিপক্ষ তেমন ওজনদার নয়। প্রস্তুতি ম্যাচের মেজাজে তাদের বশ মানাতে অসুবিধা হয়নি ইস্ট বেঙ্গলের। দুর্বল দলকে হারালেও, এই জয় অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে সাউলদের। উল্লেখ্য, ১২৫ তম আইএফএ শিল্ডের উদ্বোধনে কল্যাণীতে হাজির দমকলমন্ত্রী সুজিত বসু। ম্যাচের আগে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে প্রয়াতদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। ম্যাচের সেরা হন সাউল ক্রেসপো।
বিদেশিহীন প্রতিপক্ষের বিরুদ্ধে অল ইন্ডিয়ান ডিফেন্সে দল সাজান অস্কার। আসলে আপফ্রন্টে চার বিদেশি খেলিয়ে দ্রুত গোল তুলে নিতে চেয়েছিলেন তিনি। মিগুয়েল, বিষ্ণুদের আক্রমণ কার্যত ওয়ান ওয়ে ট্রাফিক। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে ১৫ মিনিটেই তিন গোল হতে পারত। এই পর্বে প্লেটে মিষ্টি সাজিয়ে দেওয়ার মতো বল দিয়েছিলেন হামিদ। সিটার নষ্ট করেন বিপিন। এরপর জয় গুপ্তার মাইনাস তেকাঠিতে রাখতে ব্যর্থ মিগুয়েল। যাই হোক, ২২ মিনিটে কাঙ্ক্ষিত লিড নেয় মশালবাহিনী। বিপক্ষ বক্সের প্রায় ২০ গজ বাইরে ফ্রি-কিক পায় ইস্ট বেঙ্গল। মিগুয়েলের শট শ্রীনিধি গোলরক্ষক সাময়িক প্রতিহত করলেও ফিরতি বল জাল কাঁপান জয় (১-০)। লাল-হলুদ জার্সিতে অভিষেকেই গোল এই লেফট উইং ব্যাকের। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাউল ক্রেসপো। বাঁ দিক থেকে বল ভাসিয়েছিলেন বিপিন। অনেকটা স্পট জাম্প করে লক্ষ্যভেদ সাউলের (২-০)। 
বিরতির পরেও একপেশে ছবি পাল্টায়নি। লালচুংনুঙ্গার পরিবর্তে জিকসন নামার পর আরও মসৃণ ইস্ট বেঙ্গল। ৪৮ মিনিটে ম্যাচের সেরা গোল হামিদের। এক্ষেত্রে বিপিনের সেন্টার পেয়ে দারুণ প্লেসিংয়ে জাল কাঁপান মরক্কান স্ট্রাইকার (৩-০)। তিন মিনিট বাদেই প্রতিপক্ষ কফিনে শেষ পেরেকটি পোঁতেন জিকসন (৪-০)। ম্যাচ শেষে লাল-হলুদ কোচের মন্তব্য, ‘যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন। তবে ছেলেদের খেলায় আমি খুশি।’ এদিকে, বৃহস্পতিবার রাতে শহরে আসছেন ইস্ট বেঙ্গলের জাপানি ফুটবলার হিরোশি। 
ইস্ট বেঙ্গল: দেবজিৎ, রাকিপ, মার্তণ্ড, লালচুংনুঙ্গা (জিকসন), জয়, সাউল (শৌভিক), রশিদ (কেভিন), মিগুয়েল, বিপিন (এডমুন্ড), বিষ্ণু ও হামিদ (ডেভিড)।

Advertisement
সম্পর্কিত সংবাদ