নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে ইস্ট বেঙ্গলের মহিলা দল। শুক্রবার ইন্ডিয়ান উওমেন্স লিগের ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে গোকুলাম কেরালাকে ৩-০ ব্যবধানে হারাল মশাল বাহিনী। এই নিয়ে প্রতিযোগিতায় জয়ের ডাবল হ্যাটট্রিক করে ফেললো গতবারের চ্যাম্পিয়নরা। পাশাপাশি লক্ষ্যভেদে ধারাবাহিকতা বজায় রাখলেন ফাজিলা। ৩৬ মিনিটে জাল কাঁপান তিনি। এছাড়াও দ্বিতীয়ার্ধে স্কোরবুকে নাম তুলেছেন রেস্টি নানজিরি ও সুলঞ্জনা রাউল। প্রবল চাপের মুখে ভুল করলেন গোকুলাম গোলরক্ষক। ভারতীয় ফুটবলারদের মধ্যে ছন্দ বজায় রেখেছেন সুলঞ্জনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়লেও বলার কিছুই থাকত না। প্রথম লেগের শেষে ৬ ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট ১৮। উল্লেখ্য, মহিলা লিগে প্রথম পর্বে শীর্ষে রইল ইস্ট বেঙ্গলই। দ্বিতীয় পর্বের লড়াই এখনও বাকি। মাঝের দীর্ঘ বিরতি চিন্তায় রাখছে লাল-হলুদ কোচকে।



