ইস্ট বেঙ্গল-৫ : সাউথ ইউনাইটেড-০
ইস্ট বেঙ্গল-৫ : সাউথ ইউনাইটেড-০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাউথ ইউনাইটেডকে ৮ গোলের মালা পরিয়েছিল মোহন বাগান। ইস্ট বেঙ্গল থামল পাঁচে। শুক্রবার যুবভারতীতে ডুরান্ড কাপের ম্যাচে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জেসিন, বিষ্ণুদের গোল মিসের প্রদর্শনীই তার জন্য দায়ী। আগামী বুধবার এএফসি কাপে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কুয়েতের আল আরবি। লাল-হলুদের নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ংয়ের ভিসা সমস্যা মেটেনি। তাই বিদেশি দলের বিরুদ্ধে ভারতীয় স্ট্রাইকিং ফোর্সই ভরসা। কিন্তু স্ট্রাইকারদের পারফরম্যান্স হাবাসের কপালে চিন্তার ভাঁজ বাড়াতেই পারে।
এদিন শুরুতেই গোল পেতে পারত ইস্ট বেঙ্গল। রামিরেজের থ্রু পাস বাইরে মারেন জেসিন। তবে ৬ মিনিটে গোলের দরজা খুললেন স্প্যানিশ রামিরেজই। তিনিই এই দলের ব্যান্ডমাস্টার। মিগুয়েলের অভাব তিনি পূরণ করতেই পারেন। শুক্রবারের বক্সের বাইরে থেকে বাঁ পায়ের সোয়ার্ভিং শটে জাল কাঁপালেন রামিরেজ (১-০)। একটি ক্ষেত্রে তাঁর শট পোস্টে প্রতিহত হয়। ২৪ মিনিটে ২-০। এক্ষেত্রে সেই রামিরেজের কর্নার থেকে হেডে জাল কাঁপান রশিদ (২-০)। ব্যাকহেডে সেতু বাঁধার কাজ করলেন জেসিন। প্রথমার্ধের বাকি সময়ে একা জেসিনই হ্যাটট্রিক করতে পারতেন। সহজ সুযোগ হারালেন বিষ্ণুও। প্রথম একাদশে আনোয়ারের সঙ্গে নাচোকে খেলিয়ে দেখে নিতে চেয়েছিলেন হাবাস। কেভিন সিবলের পরিবর্তে তাঁকে নিয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। নাচোর উপর অনেক কিছু নির্ভর করবে। তবে বিপক্ষের আক্রমণে খুব একটা ধার না থাকায় তাঁকে পরীক্ষায় পড়তে হয়নি।
দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে হার্দিক ভাটের গোল। দূরপাল্লার শট অবিশ্বাস্যভাবে ফসকালেন গোলকিপার (৩-০)। বিপিনের গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট ইকোনমিডিসের। অল্প সময়ে বেশ ছটফট করলেন তিনি। উইং থেকে তাঁর সেন্টারেই বিপিনের লক্ষ্যভেদ (৪-০)। আলাদা করে রশিদের কথাও বলতে হবে। আইএসএলে ইন্টার কাশীর বিরুদ্ধে জয়সূচক গোলটি করেছিলেন রশিদই। এবার মরশুমের শুরু থেকেই বাড়তি আত্মবিশ্বাসী দেখাচ্ছে প্যালেস্তাইনের ফুটবলারকে। শেষ পর্বে রামিরেজের বদলে ডেভিডকে নামিয়েছিলেন হাবাস। সংযোজিত সময়ে বাঁ পায়ের শটে মিজো ফুটবলার জাল কাঁপালেন (৫-০)। দীর্ঘদিন পর গোল পেয়ে ডেভিডের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। এদিনের পর গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। শীর্ষে থাকা দল সরাসরি নক-আউটের টিকিট পাবে। সেকেন্ড বেস্ট হিসাবে আরও ২টি দল কোয়ার্টার-ফাইনালে পৌঁছাবে।
ইস্ট বেঙ্গল: গৌরব, হার্দিক, আনোয়ার, নাচো (জয়), সন্দীপ, জিকসন, রশিদ, রামিরেজ (ডেভিড), এডমুন্ড, বিষ্ণু (বিপিন) ও জেসিন (ইকোনমিডিস)।