Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ ড্র করলেই শেষ আটে নিশ্চিত ইস্ট বেঙ্গল

ভারতের প্রথম মহিলা দল হিসাবে ইতিমধ্যেই ইতিহাসে নাম তুলেছে লাল-হলুদ ব্রিগেডে।

আজ ড্র করলেই শেষ আটে নিশ্চিত ইস্ট বেঙ্গল
  • ২৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতের প্রথম মহিলা দল হিসাবে ইতিমধ্যেই ইতিহাসে নাম তুলেছে লাল-হলুদ ব্রিগেডে। এএফসি এশিয়ান উওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ইরানের বাম খাতুনকে বশ মানায় অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। রবিবার উহানের হ্যানকৌ কালচারাল ও স্পোর্টস সেন্টারে নয়া মাইলস্টোন স্পর্শ করার সুযোগ সিল্কি, সুলঞ্জনাদের সামনে। ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ উজবেকিস্তানের নাসাফ এফসি। জিতলে তো বটেই, ড্র করলেই শেষ আটে নিশ্চিত মশালবাহিনী। তবে জিতেই শেষ আটের টিকিট নিশ্চিত করতে মরিয়া লাল-হলুদ প্রমীলা ব্রিগেড। সেক্ষেত্রে নক-আউট পর্বে ঘরের মাঠ যুবভারতীতে খেলার সুযোগ পাবে ইস্ট বেঙ্গল। কোচ অ্যান্ড্রুজের মন্তব্য, ‘ফুটবলাররা ম্যাচের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। সবাই সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। নাসাফ ম্যাচ ফুটবলারদের অ্যাসিড টেস্ট। জিতে মাঠ ছাড়তে চাই।’

Advertisement

প্রথম ম্যাচে ইরানের বাম খাতুনকে ৩-১ ব্যবধানে পরাস্ত করে ইস্ট বেঙ্গল। সেদিন অনবদ্য ফুটবল উপহার দিয়েছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার ফাজিলা। নাসাফের বিরুদ্ধেও সেই লড়াই ফেরাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। উজবেকিস্তানের দলটিকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে চমক দিয়েছে বাম খাতুন। তাই নাসাফও তেতে রয়েছে। উজবেকিস্তান মহিলা লিগে ১৬ বারের চ্যাম্পিয়ন এই দলটি। তাদের আক্রমণ বেশ শক্তিশালী। তুলনায় দুর্বল রক্ষণ। রেস্টি, ফাজিলা, সৌম্যা গুগুলথরা ছন্দে থাকলে চীনের মাঠে মশাল জ্বলতেই পারে।
 ম্যাচ শুরু দুপুর ১২-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার ফ্যান কোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ