Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাঁচ গোলে জিতে উওমেন্স লিগের শীর্ষে ইস্ট বেঙ্গল

ইস্ট বেঙ্গলের বিজয়রথ চলছেই। শুক্রবার কল্যাণীতে নীতা এফসি’কে ৫-০ গোলে বশ মানাল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইন্ডিয়ান উওমেন্স লিগের শীর্ষে লাল-হলুদের প্রমীলা ব্রিগেড।

পাঁচ গোলে জিতে উওমেন্স লিগের শীর্ষে ইস্ট বেঙ্গল
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইস্ট বেঙ্গল-৫      :     নীতা এফসি-০

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গলের বিজয়রথ চলছেই। শুক্রবার কল্যাণীতে নীতা এফসি’কে ৫-০ গোলে বশ মানাল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইন্ডিয়ান উওমেন্স লিগের শীর্ষে লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। ফাজিলার দু’টি শট পোস্টে প্রতিহত না হলে ব্যবধান আরও বাড়ত। গোটা ম্যাচেই রীতিমতো দাপট দেখিয়েছে লেসলি ক্লডিয়াস সরণির দল।
এদিনের ম্যাচের আগে পয়েন্টের বিচারে এগিয়ে ছিল ওড়িশার নীতা এফসি। ঘরের মাঠের চেনা পরিবেশে শুরু থেকেই চাপ বাড়ায় ইস্ট বেঙ্গল। ষষ্ঠ মিনিটে কোনাকুনি শটে লক্ষ্যভেদ সুলঞ্জনা রাউলের (১-০)। প্রথমার্ধের শেষদিকে বাঁ পায়ের গ্রাউন্ডারে জাল কাঁপান সৌম্যা গুগুলথ (২-০)। বিরতির পর ফাজিলাদের ঢেউয়ের মতো আক্রমণে দিশাহারা নীতা এফসি। জটলার মধ্যে বল পেয়ে কামান দাগেন রেস্টি (৩-০)। ৬৩ মিনিটে সুযোগসন্ধানী মনোভাবের পরিচয় দিয়ে গোলরক্ষককে হার মানান ফাজিলা (৪-০)। সর্বাধিক গোলদাতা পিয়ারির (৯) চেয়ে পিছিয়ে উগান্ডার স্ট্রাইকার ফাজিলা (৬)। এরপর খেলার অন্তিম মুহূর্তে অরক্ষিত প্রিয়াঙ্কা প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন (৫-০)। আগামী মঙ্গলবার ইস্ট বেঙ্গলের পরের প্রতিপক্ষ কিকস্টার্ট এফসি। গতবারের মতো চলতি মরশুমেও খেতাব জিততে মরিয়া ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ