নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড় জয় দিয়ে বছরটা শেষ করল ইস্ট বেঙ্গল মহিলা দল। মঙ্গলবার কল্যাণীতে ইন্ডিয়ান উওমেন্স লিগের তৃতীয় ম্যাচে সেসা ফুটবল অ্যাকাডেমিকে ৯ গোলের মালা পরাল অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েরা। সেই সঙ্গে জয়ের হ্যাটট্রিক করল লাল-হলুদ প্রমীলা ব্রিগেড। ম্যাচের সেরা সেই ফাজিলা ইকবাপুট। হ্যাটট্রিক সহ একাই চার গোল করেন উগান্ডার স্ট্রাইকার। উল্লেখ্য, কয়েকদিন আগে মহিলা স্যাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্ট বেঙ্গলের খেতাব জয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতার (৯টি) পুরস্কারও জিতেছিলেন। তবে মহিলাদের জাতীয় লিগে প্রথম দু’ম্যাচে সেভাবে তাঁকে ছন্দে পাওয়া যায়নি। মঙ্গলবার অবশ্য সব আক্ষেপ সুদে-আসলে পুষিয়ে দিলেন ফাজিলা। তবে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে তাঁর গোল সংখ্যা আরও বাড়তে পারত। পাশাপাশি হ্যাটট্রিক করেন সৌম্যা গুগুলথ। অপর দুই গোলদাতা সুলঞ্জনা রাউল ও রেস্টি নানজারি।



