Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

ঐতিহাসিক দিনে হতশ্রী ফুটবলে হার ইস্ট বেঙ্গলের

১৯৭৫ সালের ৩০ সেপ্টেম্বর। আইএফএ শিল্ডে মোহন বাগানের বিরুদ্ধে পাঁচ গোলের উৎসব সেরেছিল ইস্ট বেঙ্গল। ৫১ বছর পর সেই ঐতিহাসিক দিনে শিল্ডের ম্যাচে ঘরের মাঠে খেলতে নেমেছিলেন ডেভিডরা।

ঐতিহাসিক দিনে হতশ্রী ফুটবলে হার ইস্ট বেঙ্গলের
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইস্ট বেঙ্গল- ০                :                   পাঞ্জাব এফসি- ১

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৯৭৫ সালের ৩০ সেপ্টেম্বর। আইএফএ শিল্ডে মোহন বাগানের বিরুদ্ধে পাঁচ গোলের উৎসব সেরেছিল ইস্ট বেঙ্গল। ৫১ বছর পর সেই ঐতিহাসিক দিনে শিল্ডের ম্যাচে ঘরের মাঠে খেলতে নেমেছিলেন ডেভিডরা। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। চিরপ্রতিদ্বন্দ্বীকে বড়ো ব্যবধানে হারানোর ম্যাচে খেলেছিলেন শ্যাম থাপা, তরুণ বসুরা। বুধবার ম্যাচ শুরুর আগে দুই দলের ফুটবলারদের সঙ্গে করমর্দন করেন তাঁরা। তবে তাঁদের ছোঁয়াতেও এল না জয়। উদ্দেশ্যহীন ফুটবল খেলে পাঞ্জাবের কাছে ০-১ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলটি ওলিভিয়েরার। ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শিল্ডের শেষ চারে খেলবে আন্তোনিও হাবাসের দল। 
পাঞ্জাব ম্যাচের জন্য ডেভিডদের প্রস্তুত করেছিলেন হাবাস। ইস্ট বেঙ্গলের ডাগ-আউটে তিনিই হেড কোচ। তবে পূর্ণশক্তির দল নিয়ে পাঞ্জাবের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা শুরু থেকেই ব্যর্থ হয়। আসলে রেনিয়াররা এখনও স্বনির্ভর হয়ে উঠতে শেখেননি। দুই প্রান্তে ইকোনমিডিস এবং আসিফও ছিলেন খুবই সাদামাটা। ফলে শুরু থেকেই দিশাহীন দেখায় লাল-হলুদ ব্রিগেডকে। বরং বল পজেশন রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় এগিয়ে ছিল পাঞ্জাব। এরই মধ্যে ৩০ মিনিটের মাথায় প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান রোহিত দানু। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ফের মাঠে নামেন তিনি। ৪১ মিনিটে ভেঙে পড়ে ইস্ট বেঙ্গলের রক্ষণ। লালচুংনুঙ্গার মিস হেড থেকে বল পেয়ে মেসি বাউলি তা তুলে দেন বিপক্ষ বক্সে। ফাঁকা জায়গায় বল নামিয়ে দেখেশুনে জালে পাঠান ওলিভিয়েরা (১-০)। দর্শকের ভূমিকায় তখন জিভুলিচ, বরিস সিংরা। আনোয়ারের অনুপস্থিতিতে লাল-হলুদের রক্ষণ কতটা ভঙ্গুর, তা এদিন টের পেলেন স্প্যানিশ কোচ। বিরতির আগে দু’বার পাঞ্জাবের গোলের সামনে ফ্রি-কিক পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ ইকোনমিডিস।
এক গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ইস্ট বেঙ্গলের খেলায় সেই তাগিদ খুঁজে পাওয়া গেল না। বল সাপ্লাইয়ের অভাবে সিঙ্গল স্ট্রাইকার ডেভিডকে কার্যত বিপক্ষের দুই ডিফেন্ডারের ছায়ায় থাকতে হয়। পরিস্থিতি বেগতিক দেখে বিষ্ণু, বিপিন, জিকসনদের মাঠে নামান স্প্যানিশ কোচ। কিন্তু পাঞ্জাবের রক্ষণকে কৃতিত্ব দিতেই হবে। কোনওরকম ঝুঁকি না নিয়ে দুর্দান্তভাবে দুর্গ সামলে দলের জয় নিশ্চিত করেন তারা। শেষ পর্বে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিখিল প্রভু। হতশ্রী পারফরম্যান্সের পর ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলন এড়ালেন কোচ হাবাস। ম্যাচ শেষে ব্রাজিলের ম্যাচের টিকিটের খোঁজ করতে দেখা গেল রাফিনহার ভক্ত ওলিভিয়েরাকে।

৪ ও ৫ অক্টোবর হবে শিল্ড সেমি-ফাইনাল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি আইএফএ শিল্ডের শেষ চারটি দল আগেই চূড়ান্ত হয়েগিয়েছিল। তবে গ্রুপ পর্ব শেষ না হওয়া পর্যন্ত সেমি-ফাইনালের সূচি প্রকাশ করতে পারেনি বঙ্গীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বুধবার ইস্ট বেঙ্গল বনাম পাঞ্জাব ম্যাচের পরই নক-আউটের দিন ঘোষণা করল আইএফএ। ৪ অক্টোবর প্রথম সেমি-ফাইনালে পাঞ্জাব এফসি’র মুখোমুখি হবে মোহন বাগান। পরের দিন নর্থ ইস্টের বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। দু’টি ম্যাচই হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। খেলা শুরু বিকেল পাঁচটায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ