দেবজিত্ ঘোষ: অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। অর্থাৎ ম্যাচ জিততে শক্তিশালী আপফ্রন্ট খুবই জরুরি। শুধু রক্ষণ পোক্ত করে সাফল্য পাওয়া বেশ কঠিন। বিপক্ষের জাল কাঁপাতে দক্ষ স্ট্রাইকার প্রয়োজন। বিশেষ করে নাম্বার নাইনের ভূমিকায় এমন ফুটবলার দরকার যাকে প্রতিপক্ষ সমীহ করবে। এখানেই অনেক পিছিয়ে ইস্ট বেঙ্গল। পাঠক, নতুন বছরের শুরুতে অস্কার ব্রিগেড নিয়ে বিশ্লেষণের কারণ ঠিক কী? আসলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় মরক্কান হামিদকে রিলিজ করেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, হিরোশির বিদায়ও স্রেফ সময়ের অপেক্ষা। মরশুম শুরুর ছয় মাসের মধ্যে জোড়া বিদেশিকে ছাঁটাইয়ের উদাহরণ খুব বেশি নেই। তবে প্রাক্তন ফুটবলার হিসাবে এমন সিদ্ধান্তে আমি মোটেও বিস্মিত নই। বরং ব্যক্তিগত মত, আগের ভুল শুধরে দ্রুত বিদেশি স্ট্রাইকার সই করাক থিঙ্কট্যাঙ্ক। টিম ম্যানেজমেন্টের উচিত কোমর বেঁধে নামা। না হলে পরে হাত কামড়াতে হবে। আইএসএলে এই প্রথম বেশ শক্তিশালী দল গড়েছে লাল-হলুদ ব্রিগেড। আমার বিশ্বাস, মিগুয়েলদের সামনে ভালো মানের ফরোয়ার্ড থাকলে মশালবাহিনী সাফল্য পাবেই।



