Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইস্ট বেঙ্গল-পাঞ্জাব ম্যাচ এগতে পারে

বিধানসভা নির্বাচনের কারণে আগেই আইএসএলের বেশ কিছু ম্যাচের দিনক্ষণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। তার মধ্যে রয়েছে কলকাতা ডার্বি।

ইস্ট বেঙ্গল-পাঞ্জাব ম্যাচ এগতে পারে
  • ৩০ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের কারণে আগেই আইএসএলের বেশ কিছু ম্যাচের দিনক্ষণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। তার মধ্যে রয়েছে কলকাতা ডার্বি। এবার ২৪ এপ্রিল ইস্ট বেঙ্গল বনাম পঞ্জাব ম্যাচের তারিখও বদল হতে পারে। এর আগে একাধিক ম্যাচ পিছিয়ে গেলেও, এক্ষেত্রে তা এগিয়ে আনতে চান রাজধানীর ফুটবল হাউসের কর্তারা। সূত্রের খবর আগামী ৭ এপ্রিল যুবভারতীতে ম্যাচ করতে চায় ফেডারেশন।

Advertisement

এদিকে, জাতীয় দলের খেলা থাকায় ফুটবলারদের ছুটি দিয়েছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। আগের সূচি অনুযায়ী ১১ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে মাঠে নামার কথা মিগুয়েলদের। তবে পাঞ্জাব ম্যাচ এগিয়ে এলে সেই পরিকল্পনার দফারফা ঘটবে। তাই সূচি পরিবর্তনে একেবারেই সায় নেই লাল-হলুদ স্প্যানিশ কোচের। অন্যদিকে, পাঞ্জাবও উৎসাহী নয়। কারণ তাদেরও পরপর ম্যাচ রয়েছে। কিন্তু ২৪ এপ্রিল ম্যাচ হলে পুলিশ পাওয়া অসম্ভব। সেক্ষেত্রে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা ছাড়া উপায় নেই। অন্যথায় বিকল্প ভেন্যু বাছতে হবে ইস্ট বেঙ্গলকে।
এদিকে, কন্যাশ্রী কাপে ইস্ট বেঙ্গলের দাপট অব্যাহত। রবিবার ঘরের মাঠে কালীঘাট এসএলএ’কে আট গোলের মালা পরাল লাল-হলুদ প্রমীলা ব্রিগেড। হ্যাটট্রিক সহ একাই চার গোল করেন অষ্টম ওঁরাও। জোড়া লক্ষ্যভেদ রুবিনা খাতুনের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন সন্ধ্যা ও নাওরেম প্রিয়াঙ্কা দেবী। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ বি’তে শীর্ষস্থান ধরে রাখল ইস্ট বেঙ্গল। অন্যদিকে, অনূর্ধ্ব-১৬ জুনিয়র লিগে অ্যাডামাস ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ যুব দল। ম্যাচের তিন গোলদাতা যথাক্রমে জাহিদ, তাইবুর ও আকাশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ