Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহাতারকার ট্যুরে ব্রাত্য ইস্ট বেঙ্গল-মহমেডান!

ভারতীয় ফুটবলের মক্কা এখন মেসিময়! আর্জেন্তাইন মহাতারকাকে বরণ করে নিতে কলকাতার বুকে আয়োজনের খামতি নেই।

মহাতারকার ট্যুরে ব্রাত্য ইস্ট বেঙ্গল-মহমেডান!
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলের মক্কা এখন মেসিময়! আর্জেন্তাইন মহাতারকাকে বরণ করে নিতে কলকাতার বুকে আয়োজনের খামতি নেই। বলিউডের কিং খান শাহরুখ আসছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। থাকবেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিও। প্রীতি ম্যাচও খেলা হবে। কিন্তু এই জমকালো অনুষ্ঠানে ব্রাত্য বাংলার দুই প্রধান ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিং। শতাব্দীপ্রাচীন ক্লাব দু’টিকে আমন্ত্রণ জানানোই হয়নি। উপেক্ষিতদের তালিকায় রয়েছে বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ’ও। এখানেই শেষ নয়, মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’ ঘোষণার সময় ঘটা করে প্রচার করা হয়েছিল, সংবর্ধিত করা হবে বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলকে। কিন্তু সূত্রের খবর, শেষ মুহূর্তে আইএফএ’র কাছে সংবর্ধনার জন্য নাকি মাত্র দুই-তিনজন ফুটবলারের নাম চেয়েছে আয়োজকরা। আসলে পুরোটাই টাকার খেলা! একাধিক শহরে মহাতারকাকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির অ্যাডভান্স যে পকেটে! তাই যত সম্ভব সময়সীমা কমানোর চেষ্টা চলছে।

Advertisement

প্রাথমিকভাবে মেসির সামনে মোহন বাগান একাদশ বনাম ইস্ট বেঙ্গল একাদশের ম্যাচ হওয়ার কথা ছিল। তার ঘোষণাও করে ফেলে আয়োজকরা। কিন্তু বিধিবাম, ইস্ট বেঙ্গলের ক্লাবের অনুমতি না নিয়েই নাকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কর্তৃপক্ষ। পরে তারা ইস্ট বেঙ্গলের নাম সরিয়ে ডায়মন্ডহারবার এফসি’কে নিয়ে আসে। এই প্রসঙ্গে যোগযোগ করা হলে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের মম্তব্য, ‘ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ। উনি আমাদের কিছু টিকিট পাঠিয়েছিলেন। সেগুলি স্পনসরদের দিয়ে দিয়েছি। আমরা কেউ মেসির ইভেন্টে যাচ্ছি না। যেচে অপমানিত হওয়ার কোনও ইচ্ছে নেই।’ মহমেডান কর্তা কামারউদ্দিনের মুখেও একই সুর। তিনি বলেন, ‘আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। তাই যাচ্ছি না।’ এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মেসি ট্যুরের আয়োজকদের কাছে টাকাটাই কী সব! বাংলার ফুটবল ইতিহাসের কোনও দাম নেই!

Advertisement
সম্পর্কিত সংবাদ