Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ডার্বি ড্র, ছন্নছাড়া ফুটবল খেলে বিদায় মোহন বাগানের, সুপার কাপের শেষ চারে ইস্ট বেঙ্গল

শুক্রবার ফাতোরদার নেহরু স্টেডিয়ামে আয়োজিত ডার্বির ফল গোলশূন্য। ফলে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে সুপার কাপের শেষ চারে পৌঁছল ইস্ট বেঙ্গল। আর বিদায় নিতে হল মোহন বাগানকে।

ডার্বি ড্র, ছন্নছাড়া ফুটবল খেলে বিদায় মোহন বাগানের, সুপার কাপের শেষ চারে ইস্ট বেঙ্গল
  • ১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইস্ট বেঙ্গল-০             :         মোহন বাগান-০

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার ফাতোরদার নেহরু স্টেডিয়ামে আয়োজিত ডার্বির ফল গোলশূন্য। ফলে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে সুপার কাপের শেষ চারে পৌঁছল ইস্ট বেঙ্গল। আর বিদায় নিতে হল মোহন বাগানকে। এদিন প্রথম একাদশে তিন বিদেশিকে রেখেছিলেন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা। ডিপ ডিফেন্সে আলবার্তো ও আলড্রেড। সিঙ্গল স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। প্রান্তিক আক্রমণের জন্য লিস্টন কোলাসো ও মনবীর সিংয়ের উপরই ভরসা রাখেন তিনি। পক্ষান্তরে, ইস্ট বেঙ্গল প্রশিক্ষক অস্কার ব্রুজোঁ স্টার্টিং ইলেভেনে পাঁচ বিদেশি রাখেন। মোহন বাগানের মাঝমাঠ খুবই দুর্বল। তাই খেলার রাশ হাতে নিতে দেরি হয়নি মিগুয়েল-রশিদদের। ম্যাচের ২৪ মিনিটে লিড নিতে পারত ইস্ট বেঙ্গল। কিন্তু মিগুয়েলের ক্রস থেকে নেওয়া বিপিন সিংয়ের বুদ্ধিদীপ্ত হেড ক্রসবারে ধাক্কা লাগে। বিরতির আগে মোহন বাগানের আক্রমণ মাত্র একটি। ৪০ মিনিটে আপুইয়ার শট জমা পড়ে বিপক্ষ গোলরক্ষক প্রভসুখন গিলের হাতে। 
গ্রেগ স্টুয়ার্টের বিকল্প নেই এই মোহন বাগানে। আর তা বিলক্ষণ জানতেন ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজোঁ। তাই পরিকল্পিত ফুটবল খেলে ম্যাচ জিততে না পারলেও তাঁর লক্ষ্য সফল। পক্ষান্তরে, পর্যাপ্ত বলের জোগান না পেয়ে দৌড়ে বেড়ালেন অজি স্ট্রাইকার ম্যাকলারেন। অনিরুদ্ধ, আপুইয়া, লিস্টন, মনবীর, সাহালদের খেলা দেখে মনে হল, তাঁরা ড্রয়ের জন্যই খেলতে নেমেছেন। যে কোনও মূল্যে গোল হজম না করলেই কেল্লা ফতে! 
দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতিপ্রকৃতিতে তেমন বদল আসেনি। রাশ ছিল ইস্ট বেঙ্গলেরই হাতে। মোহন বাগান মাঝেমধ্যে আক্রমণে ওঠার চেষ্টা করেছে মাত্র। কোচ মোলিনা পরিবর্ত হিসেবে কামিংস-রবসন-পেত্রাতোসদের নামালেও লাভের লাভ কিছু হয়নি। বৃষ্টিভেজা মাঠে ভালো খেলার জন্য ফিট ফুটবলারদের প্রয়োজন। কিন্তু এই মোহন বাগানে তার খুবই অভাব। পক্ষান্তরে, ইস্ট বেঙ্গল ফুটবলাররা যথেষ্ট ফিট। তাঁদের মধ্যে লড়াইয়ের তাগিদও বেশি লক্ষ্য করা গিয়েছে। এদিনও বিশাল কাইথ দু’বার দলের নিশ্চিত পতন রোধ না করলে অস্কারের দল জিততেও পারত। ৬০ মিনিটে হামিদের শট তিনি তৎপরতার সঙ্গে ফিস্ট করেন। শেষদিকে মোহন বাগান গোলের জন্য ঝাঁপালেও লাভের লাভ কিছু হয়নি। আনোয়ারের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রক্ষণ ম্যাকলারেনদের যাবতীয় জারিজুরি রুখে দেয়। 
মোহন বাগানের বাজেটের প্রায় অর্ধেক ইস্ট বেঙ্গলের। কিন্তু খেলা দেখে তা মোটেই মনে হল না। জেতার জন্য মাঝমাঠ দখলে রাখা প্রয়োজন। কিন্তু তেমন ফুটবলার কোথায় মোলিনা দলে? বরং মিগুয়েল, মহেশ, বিপিনরা অনেক বেশি সপ্রতিভ. বুদ্ধিদীপ্ত ফুটবল উপহার দিলেন। কোচ অস্কারও জানতেন, মাঝমাঠ দখলে রাখতে পারলেই চাপ বাড়বে বিপক্ষ শিবিরে। আর এই পরিকল্পনায় তিনি একশোয় একশো পাবেন। 
ইস্ট বেঙ্গল: গিল, রাকিপ, আনোয়ার, সিবলে, জয় গুপ্তা, মহেশ (এডমুন্ড), রশিদ, সাউল (শৌভিক), মিগুয়েল, বিপিন (বিষ্ণু) ও হামিদ (হিরোশি)। 
মোহন বাগান: বিশাল, মেহতাব, আলড্রেড, আলবার্তো, শুভাশিস (সুহেল), মনবীর (পেত্রাতোস), আপুইয়া, অনিরুদ্ধ (দীপক), লিস্টন (রবসন), সাহাল (কামিংস) ও ম্যাকলারেন।

সম্পর্কিত সংবাদ