Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইস্ট বেঙ্গলের নজরে জাপানের হিরোশি

গ্রিসের স্ট্রাইকার দিয়ামানতাকোসকে কয়েকদিন আগেই রিলিজ করেছে ইস্ট বেঙ্গল।

ইস্ট বেঙ্গলের নজরে জাপানের হিরোশি
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রিসের স্ট্রাইকার দিয়ামানতাকোসকে কয়েকদিন আগেই রিলিজ করেছে ইস্ট বেঙ্গল। তাঁর পরিবর্ত কে? লাল-হলুদ শিবিরে এটাই কোটি টাকার প্রশ্ন। সূত্রের খবর, জাপানের হিরোশি ইবুসুকির সঙ্গে কথা অনেকটাই এগিয়েছে টিম ম্যানেজমেন্টের। পাশাপাশি নাইজেরিয়ার এফিয়ং এনসুঙ্গুসি সহ দক্ষিণ আমেরিকার আর দুই বিদেশি ফুটবলারের বায়ো-ডেটা নিয়ে কথাবার্তা চলছে। তবে এগিয়ে হিরোশিই। দ্রুত সই করিয়ে তাঁকে কলকাতায় নিয়ে আসতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। সেক্ষেত্রে ৬ জন বিদেশি নিয়েই সুপার কাপ খেলবে ইস্ট বেঙ্গল। উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর অনুশীলনে নামবে অস্কার-ব্রিগেড। তার আগে মিগুয়েল, সাউলদের শহরে পৌঁছে যাওয়ার কথা। বিদেশি চূড়ান্ত হলে আরও এক ভারতীয় ডিফেন্ডারকে রিক্রুট করতে চায় ম্যানেজমেন্ট। 

Advertisement

জাপানের হিরোশি বক্স স্ট্রাইকার। স্পেনের জিরোনা, জারাগোজা ‘বি’র মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২২ সালে অ্যাডিলেড ইউনাইটেডে সই করেন তিনি। ক্লাবের হয়ে দু’বছরে ৭১ টি ম্যাচে তাঁর গোলসংখ্যা ২৮। জেসন কামিংস, ম্যাকলারেনের বিরুদ্ধেও খেলেছেন এই জাপানি। এরপর তাঁর গন্তব্য ওয়েস্টার্ন ইউনাইটেড। গত মরশুমে ২৫টি ম্যাচে ১০ বার বিপক্ষের জাল কাঁপান হিরোশি। ৬ ফুট ৪ ইঞ্চির এই স্ট্রাইকার হেডেও পারদর্শী।  উল্লেখ্য, লাল-হলুদের ইতিহাসে প্রথম জাপানি ফুটবলার ইজুমি আরাতা। পরবর্তীতে নীলকণ্ঠ নাম নিয়ে কোচিংও করিয়েছেন তিনি। কাটসুমি, সুয়েকার মতো জাপানের ফুটবলারও ময়দান কাঁপিয়েছেন। শেষ পর্যন্ত হিরোশি সই করলে সেই সংখ্যা আরও বাড়বে। হিরোশি আপাতত ফ্রি ফুটবলার। তাই ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পরেও তাঁর সই করতে অসুবিধা নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ