Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ জয়ের হ্যাটট্রিকে চোখ ইস্ট বেঙ্গলের, প্রতিপক্ষ পুলিস এসি

ডার্বি জয়ের পর ইস্ট বেঙ্গলের মশালে গনগনে আঁচ। আগের ম্যাচে বিএসএসকে ছ’গোলের মালা পরায় লাল-হলুদ ব্রিগেড

আজ জয়ের হ্যাটট্রিকে চোখ ইস্ট বেঙ্গলের, প্রতিপক্ষ পুলিস এসি
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ডার্বি জয়ের পর ইস্ট বেঙ্গলের মশালে গনগনে আঁচ। আগের ম্যাচে বিএসএসকে ছ’গোলের মালা পরায় লাল-হলুদ ব্রিগেড। রবিবার সায়ন-নাসিবদের প্রতিপক্ষ পুলিস এসি। জয়ের হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করতে নারাজ কোচ বিনো জর্জ। আত্মবিশ্বাসী গলায় তাঁর মন্তব্য, ‘ফিরে তাকানোর জায়গা নেই। ৩ পয়েন্ট পেতেই হবে। তবে মাঠ নিয়ে চিন্তা থাকছেই।’ উল্লেখ্য, ঘরোয়া লিগে আপাতত ৬ ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট ১১। পয়েন্টের বিচারে একই বিন্দুতে রয়েছে পুলিস। গ্রুপ ‘এ’ তে সুরুচি সঙ্ঘ ও পাঠচক্রের ঠিক পরেই রয়েছে ইস্ট বেঙ্গল ও পুলিস। সুপার সিক্সে পৌঁছবার দৌড়ে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম।

Advertisement

শনিবার রাজারহাটের সেন্টার ফর এক্সেলেন্সে অনুশীলন সারল ইস্ট বেঙ্গল। চোট সমস্যায় জেসিন নেই। তবে পুলিসের বিরুদ্ধে সিনিয়র দলের চার ফুটবলারকে খেলানোর প্রবল সম্ভাবনা। বিশেষ করে ডেভিডকে ম্যাচ খেলিয়ে দ্রুত ফিট করতে চায় টিম ম্যানেজমেন্ট। এছাড়াও রামসাঙ্গা, মার্ক জোথানপুইয়া ও প্রভাত লাকরা তো রয়েইছেন। আক্রমণের রোলার চালিয়ে প্রতিপক্ষকে পিষে দিতে চান বিনো। রাজ্যজুড়ে প্রবল বর্ষণের কারণে মাঠ বেশ ভারী। ম্যাচ গড়ানোর সঙ্গে পাস খেলা কঠিন হতে পারে। তাই যত দ্রুত সম্ভব গোল চাইছে লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। সায়ন, রোশাল, বিজয় মুর্মুর মতো উইং-হাফ বিনোর অন্যতম অস্ত্র। পুলিসের দুর্গ ভাঙতে প্রান্তিক আক্রমণে গতির ঝড় তোলার ভাবনা লাল-হলুদ কোচের। মাঝমাঠে তন্ময় ও নাসিবের কম্বিনেশন দলের চালিকাশক্তি। তাঁরা ছন্দে থাকলে মশালবাহিনীর চিন্তা কমবে।  আপফ্রন্টে কেরল থেকে আসিফকে নিয়ে এসেছেন বিনো। অভিষেকেই বিএসএসের বিরুদ্ধে জাল কাঁপান তিনি। রবিবারের ম্যাচে এই আসিফের দিকেও নজর থাকবে।
পুলিস এসি চলতি লিগের জায়ান্ট কিলার। প্রথম ম্যাচে মোহন বাগানকে হারিয়ে চমকে দেয় তারা। শুভ ঘোষ, ফয়সালের মতো চেনা মুখ দলের ভরসা। তবে কার্ড সমস্যায় শেখ সাহিলকে পাচ্ছেন না কোচ জোসেফ নায়েক। ঘরোয়া লিগে কখনও সুপার সিক্সের মুখ দেখেনি পুলিস। এবার সেই সম্ভাবনা জিইয়ে রেখেছেন তারা। প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে গুটিয়ে না থেকে প্রতি-আক্রমণে সার্জিকাল স্ট্রাইক হানতে চায় পুলিস এসি।
 বারাকপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর তিনটেয়। সম্প্রচার এসএসইএন অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ