Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মাঝমাঠ জমাট রেখে ডার্বি জিততে মরিয়া ইস্ট বেঙ্গল

ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে ডার্বির দামামা বাজতেই যুদ্ধকালীন তৎপরতা ইস্ট বেঙ্গল শিবিরে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কোচ অস্কার ব্রুজোঁ।

মাঝমাঠ জমাট রেখে ডার্বি জিততে মরিয়া ইস্ট বেঙ্গল
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে ডার্বির দামামা বাজতেই যুদ্ধকালীন তৎপরতা ইস্ট বেঙ্গল শিবিরে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কোচ অস্কার ব্রুজোঁ। রণকৌশল যাতে ফাঁস না হয় তার জন্য রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে ক্লোজড ডোর অনুশীলন। আসলে মরশুমের শুরু থেকেই ডুরান্ড কাপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তাই প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ স্প্যানিশ কোচ। গত মরশুমের মাঝপথে দলের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন তিনি। তবে আইএসএলের দু’টি ডার্বিতেই হারের স্বাদ পেতে হয়েছিল অস্কারকে। তাই রবিবার মেগা ম্যাচ জিতে যাবতীয় আক্ষেপ সুদে-আসলে মেটাতে চান তিনি। 

Advertisement

বুধবার ছিল ডার্বির প্রস্তুতির দ্বিতীয় দিন। মেগা ম্যাচের ৭২ ঘণ্টা আগে একাধিক ফর্মেশন নিয়ে ব্যস্ত অস্কার। ক্লোজড ডোর অনুশীলনের ফাঁকফোকর থেকে চুঁইয়ে আসা খবর অনুযায়ী, মাঝমাঠ জমাট করেই আক্রমণে যেতে চান তিনি। এদিন দু’টি পর্বে প্রায় এক ঘণ্টা ম্যাচ সিচুয়েশন অনুশীলন করালেন ব্রুজোঁ।  মাঝমাঠে একসঙ্গে খেলতে দেখা গেল রশিদ, সাউল ক্রেসপো ও মিগুয়েলকে। দুই উইংয়ে বিপিন ও এডমুন্ড। কিন্তু প্রশ্ন হল, তেমনটা হলে আর একটা মাত্র বিদেশিকে কোথায় খেলাবেন স্প্যানিশ কোচ? সেক্ষেত্রে দু’রকম পরিকল্পনা দেখা গেল অনুশীলনে। প্রথমে আনোয়ারের সঙ্গে সিবলেকে রেখে মহড়া সারলেন তিনি। এই পর্বে লক্ষ্যভেদের ভার ছিল শুধুমাত্র ডেভিডের উপর। তাঁর সামান্য পিছনে মিগুয়েল। বক্স টু বক্স মিডিও হিসেবে ব্যবহার করলেন সাউলকে। দ্বিতীয় পর্বে ডিপ ডিফেন্সে আনোয়ার ও জিকসন। সিঙ্গল স্ট্রাইকার হামিদ। সেক্ষেত্রে ক্রেসপোকে দেখা গেল পিভটের ভূমিকায়। আর দু’টি ছকেই ব্লকার পজিশনে রশিদ। স্পষ্টতই বোঝা যাচ্ছে মোহন বাগানের সমস্ত জারিজুরি মাঝমাঠেই থামিয়ে দিতে চাইছেন লাল-হলুদ কোচ। আর তার জন্য বাড়তি দায়িত্ব থাকছে প্যালেস্টাইনের মিডিওর ওপর। তবে হাতে আরও দু’দিন রয়েছে প্রস্তুতির জন্য। আর তা খুব গুরুত্বপূর্ণ ব্রুজোঁর কাছে। আসলে মর্যাদার লড়াইয়ে জয়ের লক্ষ্যে মাঝমাঠ জমাট রাখাই লক্ষ্য লাল-হলুদ কোচের। তবে অভিজ্ঞ মহলের ধারণা, সবাইকে ধাঁধায় রেখে আসল অস্ত্র লুকিয়ে রাখছেন ব্রুজোঁ। সেক্ষেত্রে রাকিপ, আনোয়ার, সিবলের সঙ্গী হবেন লালচুংনুঙ্গা। মাঝমাঠে ব্লকার জিকসন ও রশিদ। এদের উপরে মিগুয়েল। বিপিন ও মহেশকে ক্রমাগত শাফল করানো হবে। সিঙ্গল স্ট্রাইকার হামিদ। ম্যাচের আগে কোন ফর্মেশন বেছে নেবেন অস্কার?

Advertisement
সম্পর্কিত সংবাদ