নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সার্কাসের ট্রাপিজের মতো সরু সুতোয় হাঁটছেন অস্কার ব্রুজোঁ। পা হড়কালেই বিপদ অনিবার্য। আগুনে পরিস্থিতিতে মঙ্গলবার সুপার কাপে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। জিতলে টুর্নামেন্টে টিকে থাকবে অস্কার ব্রিগেড। ড্র মানে কার্যত বিদায়। মরণবাঁচন ম্যাচের আগে লাল-হলুদ কোচের মন্তব্য, ‘এখন সব ম্যাচই ফাইনাল। পরিস্থিতির গুরুত্ব ফুটবলারদের অজানা নয়। সবাই ঝাঁপাতে তৈরি।’ ব্যর্থতা ভুলে প্রত্যাবর্তনে মরিয়া ইস্ট বেঙ্গল। চেন্নাইয়ানের কাছেও টিকে থাকার লড়াই। ক্লিফোর্ড মিরান্ডার দল বিদেশিহীন। তাতে কী? প্রীতম, ফারুখ, ইরফানরা কড়া টক্কর দিয়েছেন মোহন বাগানকে। অনুমান করাই যায় ইস্ট বেঙ্গলকেও কঠিন প্রশ্নপত্র সামলাতে হবে।
প্রথম ম্যাচে দুর্বল ডেম্পোর বিরুদ্ধে হোঁচট খায় ইস্ট বেঙ্গল। নিজের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছেন মিগুয়েলরা। কোটি টাকার তারকারা এখনও পর্যন্ত কাগুজে বাঘের বেশি নয়। সবাই পেশাদার ফুটবলার। মাস গেলে মোটা বেতন নিশ্চিত। কিন্তু আর কবে জ্বলে উঠবেন তাঁরা? প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বললেন, ‘বাড়তি দায়িত্ব নিতে হবে সবাইকে। সব ভুলে লাল-হলুদ জার্সির জন্য ঝাঁপাক ফুটবলাররা। ডেম্পোর তুলনায় চেন্নাইয়ান অনেক শক্তিশালী দল।’ অতীতে এমন পরিস্থিতিতে বহুবার লাল-হলুদ আগুনে ছারখার হয়েছে প্রতিপক্ষ। গোয়ায় বৃষ্টির মাঠে কে জ্বালবেন গর্বের মশাল? একরাশ উদ্বেগ নিয়ে অপেক্ষা শুরু সমর্থকদের। অস্কার ব্রুজোঁ প্রথম এগারোর দিকেও নজর থাকবে। স্প্যানিশ কোচের স্ট্র্যাটেজি বড়ই একঘেয়ে। ডাগ-আউটের যুদ্ধে ক্লিফোর্ডকে টেক্কা দিতে না পারলে মুশকিল।
সোমবার স্থানীয় সালভাদোর মাঠে চেন্নাই ম্যাচের ঘুটি সাজাল ইস্ট বেঙ্গল। গোলে দেবজিতের পরিবর্তে গিলের ফেরা নিশ্চিত। মাঝমাঠে ব্রাজিলিয়ান মিগুয়েল খেলতে পারেন শুরু থেকে। ডেম্পোর বিরুদ্ধে মিগুয়েল নামার পরেই কিছুটা নড়াচড়া করে ইস্ট বেঙ্গল। তবে সাউল, রশিদ ও মিগুয়েল তিনজনেই বেশ শ্লথ। তাতে নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছে বিপক্ষ। অস্কার নিশ্চয়ই সেদিকে নজর দেবেন। পাশাপাশি হিরোশি ও হামিদও আতসকাচের নীচে থাকবেন। সাড়ে ছ’ফুট লম্বা জাপানি বড়ই মন্থর। তাই দল বাছতে অস্কারকে হয়তো বিনিদ্র রজনী কাটাতে হবে।
বাম্বোলিমে ম্যাচ শুরু বিকেল ৪-৩০ মিনিটে। সম্প্রচার ফেডারেশনের ইউটিউবে।