Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

নামধারীকে হারিয়ে শিল্ড ফাইনালে ইস্ট বেঙ্গল

সহজ সিলেবাস। প্রশ্নও কমন। পাঞ্জাবের নামধারী এফসি’কে অনায়াসে ২-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড ফাইনালে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে অস্কার ব্রিগেডের হয়ে জাল কাঁপান মহম্মদ রশিদ ও পিভি বিষ্ণু।

নামধারীকে হারিয়ে শিল্ড ফাইনালে ইস্ট বেঙ্গল
  • ১৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী  কলকাতা

Advertisement

নামধারী এফসি-০      :                ইস্ট বেঙ্গল-২
                                                   (রশিদ, বিষ্ণু)

সহজ সিলেবাস। প্রশ্নও কমন। পাঞ্জাবের নামধারী এফসি’কে অনায়াসে ২-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড ফাইনালে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে অস্কার ব্রিগেডের হয়ে জাল কাঁপান মহম্মদ রশিদ ও পিভি বিষ্ণু। উল্লেখ্য, ঐতিহ্যবাহী শিল্ডের সফলতম দল ইস্ট বেঙ্গল। মশালবাহিনীর সামনে ৩০ তম খেতাব জয়ের হাতছানি।
কিশোর ভারতী স্টেডিয়ামের আশেপাশে অসংখ্য বহুতল। তাদের উচ্চতার তারতম্য স্পষ্ট। ইস্ট বেঙ্গলের এদিনের পারফরম্যান্সও পাল্লা দিয়ে ওঠানামা করল। মাঝমাঠে তিন বিদেশি নিয়ে দল সাজিয়েছিলেন অস্কার। প্রথমার্ধে কয়েকটা স্পেলে তুবড়ি জ্বালালেন বিষ্ণুরা। ১৮ মিনিটে সাউলের ভাসানো বলে মিগুয়েলের হেড পোস্টে প্রতিহত হয়।  বার ও পোস্টে বারবার ধাক্কা খাচ্ছে শট, হেড।  ক্রমশই পোস্টমাস্টার হয়ে উঠছেন ব্রাজিলিয়ান মিডিও। যাই হোক, ফিরতি বলে রশিদের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে সামান্য দিক পরিবর্তন করে জালে আছড়ে পড়ে (১-০)। তারপর ব্যবধান বাড়ান বিষ্ণু। ডেভিডের পাস থেকে গড়ানে শটে লক্ষ্যভেদ বিষ্ণুর (২-০)।  ফাইনালের গন্ধ পাওয়া সমর্থকরা বিরতিতে হিরোশির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত রইলেন। 
অনেকেই ভেবেছিলেন, দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে গিলে খাবে ইস্ট বেঙ্গল। কিন্তু অদ্ভুতভাবে ম্যাচ থেকে হারিয়ে গেলেন সাউলরা। এদিন ডেভিডকে ম্যাচ টাইম দিতে শুরু থেকে খেলানো হয়। কিন্তু তাঁর স্পার্ক একেবারেই অদৃশ্য। এই পর্বে ‘দুমদাম’ ফুটবলে মাথাব্যথার জোগাড়। অহেতুক গোল ছেড়ে বেরিয়ে  প্রভসুখন গিল বড় ভুল করে ফেলেছিলেন। রাকিপ অবিশ্বাস্য ট্যাকল না করলে গোল হতেই পারত। কোচ অস্কারের পরিকল্পনাতেও নতুনত্ব চোখে পড়েনি। জিকসন, হামিদদের নামালেও ব্রাত্য রইলেন শৌভিক। প্রাক্তনদের আপশোস, ফাইনালের আগে বঙ্গসন্তানকে দেখে নেওয়ার সুযোগ হাতছাড়া করলেন স্প্যানিশ কোচ। 
শনিবার আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি হওয়ার প্রবল সম্ভাবনা। এদিন ম্যাচের পরেই অস্কারকে ঘিরে মোহন বাগানকে হারানোর আব্দার শুরু হয়ে গেল। হুইল চেয়ারে বসে ম্যাচ দেখতে এসেছিলেন কট্টর সমর্থক অনুপ দাস। মাঠ ছাড়ার আগে বলে গেলেন, ‘মোহন বাগানকে হারিয়ে ট্রফি জিততেই হবে।’ কিন্তু অস্কারের ঘুম না ভাঙলে আশঙ্কা থাকছেই। 
ইস্ট বেঙ্গল: গিল, রাকিপ, কেভিন, লালচুংনুঙ্গা, জয়, রশিদ, সাউল (জিকসন), মিগুয়েল (হামিদ), বিপিন (সায়ন), বিষ্ণু (এডমুন্ড) ও ডেভিড (জেসিন)। 

Advertisement
সম্পর্কিত সংবাদ