Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কিকস্টার্ট এফসি’কে হারাল ইস্ট বেঙ্গল

মঙ্গলবার কল্যাণীতে ইন্ডিয়ান উওমেন্স লিগে কিকস্টার্ট এফসি’কে ৫-০ গোলে হেলায় হারাল লাল-হলুদের প্রমীলা ব্রিগেড।

কিকস্টার্ট এফসি’কে হারাল ইস্ট বেঙ্গল
  • ৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইস্ট বেঙ্গল-৫                                   :                             কিকস্টার্ট এফসি-০

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড় জয়ের দিনেও ফাজিলা ইকপাবুটকে নিয়ে চিন্তায় ইস্ট বেঙ্গল। মঙ্গলবার কল্যাণীতে ইন্ডিয়ান উওমেন্স লিগে কিকস্টার্ট এফসি’কে ৫-০ গোলে হেলায় হারাল লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। কিন্তু দ্বিতীয়ার্ধে মাথায় গুরুতর চোট পান উগান্ডার স্ট্রাইকার ফাজিলা। এরপর ড্রেসিং-রুমে ফিরে সাময়িক জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি মাঠ থেকেই কল্যাণী স্টেডিয়ামের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফাজিলাকে। রাতের দিকে অনেকটাই স্থিতিশীল তিনি। তবে উওমেন্স লিগের পরের ম্যাচে অনিশ্চিত ফাজিলা। আগামী ৯ জানুয়ারি কল্যাণীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ গোকুলাম কেরালা। 
মহিলা লিগে আগের চার ম্যাচে ১৭ টি গোল করেছিল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। গোলের ফুলঝুরি দেখা গেল এদিনও। শুরুতেই সুলঞ্জনার থ্রু পাস ধরে ছোট্ট চাঁটায় লক্ষ্যভেদ করেন সেই ফাজিলা (১-০)। প্রথমার্ধের সংযোজিত সময়ে ফাজিলা-রেস্টি কম্বিনেশনে ব্যবধান দ্বিগুণ করে ইস্ট বেঙ্গল। এক্ষেত্রে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ডজ করে জাল কাঁপান রেস্টি (২-০)। ৬০ মিনিটে ফাজিলার গোলার মতো শট পোস্টে প্রতিহত হয়। ফিরতি বলে সুলঞ্জনার হেড জালে জড়ায় (৩-০)। এরপর ফাজিলার পাস থেকে অষ্টমীর গোল (৪-০)। ৭৩ মিনিটে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফাজিলাই (৫-০)। আপাতত ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রইল ইস্ট বেঙ্গল।

Advertisement
সম্পর্কিত সংবাদ