Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

এডমুন্ডদের দৌড়েই বাজিমাতের ভাবনা ইস্ট বেঙ্গল কোচ হাবাসের

ইস্ট বেঙ্গল কোচ হাবাস ডার্বির প্রস্তুতি নিচ্ছেন। ফুটবলারদের আত্মবিশ্বাসী মনোভাব ও কৌশল নিয়ে আলোচনা। বিস্তারিত পড়ুন।

এডমুন্ডদের দৌড়েই বাজিমাতের ভাবনা ইস্ট বেঙ্গল কোচ হাবাসের
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘উই ওয়ান্ট ডার্বি।’ বৃষ্টিতে কাকভেজা কতিপয় ইস্ট বেঙ্গল সমর্থক হাবাসকে দেখে স্লোগান তুললেন। পোড়খাওয়া স্প্যানিশ কোচের ঠোঁটে চিলতে হাসি। অনুরাগীদের সঙ্গে হাত মিলিয়ে গাড়িতে উঠলেন তিনি। শনিবারের ডার্বিতে স্প্যানিশ কোচই লাল-হলুদের উজ্জ্বল তারকা। মোহন বাগানকে হারাতে হাবাসের মস্তিষ্কেই ভরসা ইস্ট বেঙ্গলের। কয়েক বছর আগে তাঁর ঠিকানা ছিল সবুজ-মেরুন রিজার্ভ বেঞ্চ। সেই হাবাসকেই কোচের দায়িত্ব দিয়ে ইস্ট বেঙ্গল কর্তারা চমক দিয়েছেন। ডার্বিতে অপরাজেয় তকমা নিয়েই শনিবার ইস্ট বেঙ্গলে হাবাসের ইনিংস শুরু। মোহন বাগান সেন্টিমেন্টে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা হতেই পত্রপাঠ ছক্কা হাঁকালেন হাবাস। তাঁর মন্তব্য, ‘ওখানে দীর্ঘদিন কাটিয়েছি। তবে আমি পেশাদার। তাই আবেগের জায়গা নেই।’ নতুন কোচের পাশে বসা জিকসন সিং তখন মুচকি হাসছেন। মাঝমাঠে তাঁর কাঁধেই ব্লকিংয়ের দায়িত্ব। জিকসন বললেন, ‘ফুটবলাররা আত্মবিশ্বাসী। সবাই উজাড় করে দিতে তৈরি। গত মরশুমের বিচারে ডার্বিতে আমরাই এগিয়ে।’

Advertisement

ডার্বির আগে রক্ষণ ভাবাচ্ছে হাবাসকে। বরিস সিং ও দানিশ ফারুখ ১৫ দিন বাইরে, যা এই ইস্ট বেঙ্গলের কাছে বেশ বড় ধাক্কা। এমনিতে রক্ষণ জমাট করে ৪-৫-১ স্ট্র্যাটেজি হাবাসের পছন্দ। ব্যাক ফোরে লালচুংনুঙ্গা, আনোয়ার, সন্দীপ মান্ডি ও জয় গুপ্তাকে খেলানোর ভাবনা। দুটো উইং কজে লাগিয়ে ডানা ঝাপটাতে চাইবে পানোস ব্রিগেড। তাই কার্ডপ্রবণ লালচুংনুঙ্গাকে সতর্ক থাকতে হবে। আল্ট্রা ডিফেন্সিভ ফর্মেশনে ম্যাচ শুরু করতে পারেন হাবাস। কোনো ঝুঁকি নিতে নারাজ তিনি। তিন পয়েন্ট না পেলেও ক্ষতি নেই। ড্র হলেও অখুশি হবেন না তিনি। আপফ্রন্টে একঝাঁক তরুণ ফুটবলার তাঁর ভরসা। ডেভিড, জেসিন, বিষ্ণু, এডমুন্ড, রোহিত দানুর দৌড়ের উপর ইস্ট বেঙ্গলের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করবে। প্রয়োজনে ছোট্ট স্পেলে ড্যানি রামিরেজকেও খেলাতে পারেন হাবাস। এদিকে, ভিসা সমস্যা মিটিয়ে সোমবার শহরে আসতে পারেন লাল-হলুদের স্প্যানিশ ডিফেন্ডার নাচো। 
সম্ভাব্য একাদশ: গিল, লালচুংনুঙ্গা, আনোয়ার, মান্ডি, জয়, জিকসন, রোহিত, দানু, বিপিন, এডমুন্ড ও ডেভিড।

Advertisement
সম্পর্কিত সংবাদ