নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দীপ নন্দী-অস্কার ব্রুঁজো বিবাদে সরগরম ময়দান। এমন আবহে সুপার কাপের কথা মাথায় রেখে হেড কোচের পাশেই দাঁড়াল ইস্ট বেঙ্গল ক্লাব। বুধবার তাঁবুতে সাংবাদিক সম্মেলন ডেকে শীর্ষকর্তা দেবব্রত সরকার সাফ জানিয়ে দিলেন, ‘কোচ অস্কার ব্রুজোঁর নেতৃত্বেই টিম চলবে। সুপার কাপের আগে টিমে কোনও বিতর্ক চাই না। আশা করি, ব্রুজোঁ সুপার কাপে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবেন।’
আইএফএ শিল্ডের ফাইনালে হারের পর থেকেই কাদা ছোড়াছুড়ি চলছে ইস্ট বেঙ্গলে। টাই-ব্রেকারে গোলকিপার কোচ সন্দীপের পরামর্শেই প্রভসুখন গিলকে তুলে দেবজিত্ মজুমদারকে নামানো হয়েছিল। সেটাই নাকি হারের প্রধান কারণ। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, যতই গোলকিপার কোচ পরামর্শ দিন না কেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুই কোচের। এমনকী, প্রথমবার ডার্বি খেলা জয় গুপ্তকে তিনিই পেনাল্টি মারার জন্য বেছে নিয়েছিলেন। তাহলে শুধুমাত্র সন্দীপকে কাঠগড়ায় তোলার অর্থ কী? এমন প্রশ্ন করছেন সমর্থকরা। এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন, ‘সন্দীপ আমায় ফোন করেছিল। তবে লিখিতভাবে কিছু জানায়নি। সুপার কাপের পর টিমের ক্যাপ্টেন ও ম্যানেজার এই বিষয়ে ক্লাবকে কিছু জানালে পর্যালোচনা করা হবে। তবে এখন সবার লক্ষ্য হওয়া উচিত, সুপার কাপ জয়। এমন বিতর্কের আঁচ ড্রেসিং-রুমে যাতে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ইস্ট বেঙ্গল সমর্থক, প্রাক্তনদের উদ্দেশেও আবেদন করব, বিতর্কে কান দেবেন না। সুপার কাপে টিমের পাশে থাকুন।’
এদিকে, গোয়াতে মাঠের সমস্যা নিয়েও মুখ খুলেছেন ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা। তিনি বলেন, ‘প্র্যাকটিস মাঠের সমস্যা রয়েছে। এছাড়া ফাতোরদার নেহরু স্টেডিয়ামে মোহন বাগান তিনটি ম্যাচ খেলবে, আর আমরা বাম্বোলিমে! তাছাড়া মোহন বাগান খেলবে আমাদের পরে। তাতে ওরা অ্যাডভান্টেজ পাবে। ইস্ট বেঙ্গলের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ কেন? বিষয়গুলি এআইএফএফ’কে জানানো হয়েছে।’