Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রস্ততি ম্যাচে ডেম্পোকে দাপটে হারাল ইস্ট বেঙ্গল

সুপার কাপের গ্রুপ পর্বে ইস্ট বেঙ্গলকে ২-২ গোলে রুখে দিয়েছিল ডেম্পো।

প্রস্ততি ম্যাচে ডেম্পোকে দাপটে হারাল ইস্ট বেঙ্গল
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপের গ্রুপ পর্বে ইস্ট বেঙ্গলকে ২-২ গোলে রুখে দিয়েছিল ডেম্পো। তবে শুক্রবার প্রস্তুতি ম্যাচে গোয়ার ক্লাবটিকে তাদের ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হারাল লাল-হলুদ ব্রিগেড। জোড়া গোল হিরোশির। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন হামিদ ও সাউল ক্রেসপো।

Advertisement

চলতি মরশুমে ভেদশক্তির অভাবে চিন্তায় ছিলেন কোচ অস্কার ব্রুজোঁ। তাই ডেম্পোর বিরুদ্ধে দুই স্ট্রাইকার হিরোশি ও হামিদের গোল স্বস্তি ফিরিয়েছে কোচের। এছাড়া সাউলের গোলও বেশ তাত্পর্যপূর্ণ। চোট সারিয়ে কলকাতায় ফেরার পর থেকেই আতসকাচের তলায় ছিল তাঁর ফিটনেস। সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ডে বেশিরভাগ দিনই সাইড লাইনে কাটাতে দেখা যায় তাঁকে। তাই সেমি-ফাইনালে তিনি খেলতে পারবেন কি না, আশঙ্কায় ছিলেন লাল-হলুদ সমর্থকরা। তবে শুক্রবার প্র্যাকটিস ম্যাচে শুরু থেকেই খেলিয়েছেন কোচ। এবং জাল কাঁপিয়ে তিনি আশঙ্কার মেঘ কিছুটা হলেও দূরে সরিয়ে দিলেন। সুপার কাপে এই স্প্যানিশ মিডিও খেললে ইস্ট বেঙ্গলের মাঝমাঠে যে শক্তি বাড়বে, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রশিদ ও মিগুয়েলও এদিন প্র্যাকটিস ম্যাচে নজর কেড়েছেন। সুপার কাপের সেমি-ফাইনালে এই ত্রয়ী ছন্দে থাকলে পাঞ্জাব এফসি’র কপালে দুঃখ রয়েছে। এদিন প্র্যাকটিস ম্যাচে রিজার্ভ বেঞ্চও ঝালিয়ে নিলেন ব্রুজোঁ। ডেভিড, এডমুন্ডদেরও ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছেন। আগামী ৪ ডিসেম্বর পাঞ্জাবের বিরুদ্ধে সেমি-ফাইনালে নামবে লাল-হলুদ ব্রিগেড। এদিনের প্র্যাকটিস ম্যাচে নিশ্চয় কম্বিনেশন ঠিক করে ফেলেছেন স্প্যানিশ হেডমাস্টার ব্রুজোঁ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিং-রুমের পরিবেশও চনমনে রাখার দিকে জোর দিচ্ছেন কোচ। বৃহস্পতিবার ডেভিডের জন্মদিন ছিল। টিম হোটেলেই কেক কেটে সতীর্থদের সঙ্গে বিশেষ দিন উদযাপন করেন মিজোরামের তরুণ স্ট্রাইকার।
এদিকে, সুপার কাপ সেমি-ফাইনালের আগে পাঞ্জাব এফসি শিবিরে যোগ দিলেন নতুন রিক্রুট বেদে ওসুজি। নাইজেরিয়ান স্ট্রাইকার যোগ দেওয়ায় পানাগিয়োটিস ডিলম্পেরিস-ব্রিগেডের আক্রমণভাগে শক্তি বাড়ল। উল্লেখ্য, সেমি-ফাইনাল খেলতে আগামী ২ ডিসেম্বর গোয়ায় পৌঁছবে পাঞ্জাব এফসি।

Advertisement
সম্পর্কিত সংবাদ