নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝিরঝিরে বৃষ্টিতে সুন্দরী গোয়া আরও মনোরম। পালোলেম, কালাঙ্গুট, অঞ্জুনা, কোলভার সাজানো সমুদ্রতট পর্যটকের স্বর্গ। স্প্যানিশ গিটারের মূর্ছনায় জমজমাট চিকেন ভিন্দালু। এমন জমাটি পরিবেশেই শনিবার সুপার কাপের উদ্বোধন। ঠিকঠাক ব্র্যান্ডিং করলে দারুণভাবে ফুটবল ‘বিক্রি’ করতে পারত ফেডারেশন। কিন্তু সর্বভারতীয় ফুটবল সংস্থা নির্বিকল্প সমাধিতে মগ্ন। গোয়া চষে ফেললেও চোখে পড়ে না সুপার কাপের ব্যানার বা পোস্টার। নাম কা ওয়াস্তে বল গড়ালেই এআইএফএফ খুশি। তবে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর স্বস্তির জায়গা নেই। প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের সামনে গোয়ার ডেম্পো। বিদেশিহীন প্রতিপক্ষের বিরুদ্ধেও বেশ সাবধানী অস্কার। পাশাপাশি স্প্যানিশ কোচের মন্তব্য, ‘আমরাই সেরা, তা প্রমাণের মঞ্চ সুপার কাপ।’ উল্লেখ্য, সুপার কাপ জয়ী দল এএফসি’র স্লট পাবে।
গোয়ায় পা রেখে বেশ নস্টালজিক লাল-হলুদ সারথি। অতীতে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ায় কোচিং করিয়েছেন অস্কার। মাণ্ডবী নদীর রাজ্যেই স্ত্রী ইরার সঙ্গে পরিচয়। যাই হোক, মিগুয়েলদের কোচ নিজেও বেশ চাপে। ডুরান্ড কাপে হার ধাক্কা দিয়েছে প্রত্যাশায়। আইএফএ শিল্ডেও খেতাব জিততে ব্যর্থ অস্কার বাহিনী। এবারের সুপার কাপ কঠিন প্রশ্নপত্র নিয়ে তৈরি। টুর্নামেন্ট শুরুর আগে অস্কারের ব্যাখ্যা, ‘সাফল্য পেতেই হবে। আমরা যে কোনও প্রতিপক্ষকে টক্কর দিতে তৈরি।’ উল্লেখ্য, চার দলের গ্রুপে ইস্ট বেঙ্গল, ডেম্পো ছাড়াও রয়েছে মোহন বাগান ও চেন্নাইয়ান। পরের রাউন্ডে পৌঁছবে কারা? বিশেষজ্ঞদের ধারণা, ডার্বিই কার্যত ফাইনাল। তাই গোল পার্থক্যও ঘুরঘুর করছে অস্কারের মাথায়। অনুশীলনে ইঙ্গিত, ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজাবেন তিনি। মাঝমাঠে মিগুয়েল, রশিদ, সাউলের ত্রিফলা দলের পাওয়ার হাউস। দ্রুত গোল পেলে সোনায় সোহাগা।
ডেম্পো কতটা শক্তিশালী? আর্মান্দো কোলাসোর জমানায় র্যান্টি, বেটোরা ঝড় তুলেছিলেন। মাঝে মূলস্রোত থেকে হারিয়ে গেলেও ফের আই লিগে প্রত্যাবর্তন ঘটেছে সমীর নায়েকের দলের। গোয়ার প্রাক্তনরা লড়াই দেখতে মুখিয়ে। ১৯৯৭ ফেড কাপ ফাইনালে ইস্ট বেঙ্গলের বাড়া ভাতে ছাই দিয়েছিলেন ব্রুনো কুটিনহো। মুঠোফোনে তাঁর রসিকতা, ‘দেখাই যাক না ফের কেউ ব্রুনো হয়ে উঠতে পারে কি না!’ পাশাপাশি আক্ষেপ, ‘গোয়া ফুটবলের সেই রমরমা এখন অতীত। আইএসএলে প্রমোশন, রেলিগেশন না থাকলে ভারতীয় ফুটবল বাঁচবে না।’ সুপার কাপ শুরুর আগে বেশ উদ্বিগ্ন ব্রুনো।
বাম্বোলিমে ম্যাচ শুরু বিকেল ৪-৩০ মিনিটে। সম্প্রচার ফেডারেশনের ইউটিউব চ্যানেলে।