নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়ো জয় দিয়ে আইএফএ শিল্ডে অভিযান শুরু করল পাঞ্জাব এফসি। রবিবার বারাসত স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসকে সাত গোলের মালা পরাল তারা। হ্যাটট্রিক করেন মেসি বাউলি। সেই সুবাদে টুর্নামেন্টের শেষ চারের টিকিট পাকা করল পাঞ্জাব। একই সঙ্গে গ্রুপের অপর দল হিসাবে সেমি-ফাইনালে নিশ্চিত ইস্ট বেঙ্গলও। দু’ম্যাচ হেরে বিদায় নিল কাস্টমস। বুধবার ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ে নামবে পাঞ্জাব। এই ম্যাচে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে পৌঁছাবে। তবে ড্র হলে গোল পার্থক্যের নিরিখে অ্যাডভান্টেজে থাকবে পাঞ্জাব। তাই জয়ের লক্ষ্যে রবিবার প্রস্তুতিতে নেমে পড়ল লাল-হলুদ ব্রিগেড। এদিন দলের সঙ্গে যোগ দেন অঙ্কন ভট্টাচার্য ও চাকু মান্ডি। পাশাপাশি চোট সারিয়ে অনুশীলন করেন তন্ময় দাস।



