নিউইয়র্ক, ১৬ জুন: সেনেগালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে জয়ী হল ফ্রান্স। আজ, মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয় গ্রুপ আইয়ের টিম ফ্রান্স এবং সেনেগাল। ভারতীয় সময় রাত সাড়ে ১২টার সময় শুরু হয় খেলা। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে হওয়া ম্যাচের প্রথমার্ধ্ব থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ফরাসিরা। কোচ দিদিয়ের দেশঁর প্রশিক্ষণ মত প্রথম হাফ থেকেই পাসের হারেও এগিয়ে ছিল এমবাপেরা। বল পজেশন ছিল ৫৭ শতাংশ। কিন্তু ২০ মিনিট পর্যন্ত দুই পক্ষই কোনও গোল করতে পারেনি। ২৫ মিনিটে সেনেগালের নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে প্রতিহত হয়। প্রথম হাফে ৪৫ মিনিটের পর ৬ মিনিট অতিরিক্ত সময়ও দেওয়া হয়। এরপর প্রথম হাফের অতিরিক্ত সময়ের একদম শেষ মিনিটে ইসমাইলার শট ক্রসবারে লাগে। গোল অধরাই থাকে।
দ্বিতীয় হাফের শুরু থেকেই লাগাতার আক্রমণ শুরু করে ফরাসিরা। ৫৬ মিনিটে ফ্রান্সের এমবাপের শট রুখে দেন সেনেগালের গোলরক্ষক মেন্ডি। এরপর ৫৭ মিনিটে বক্সের মধ্যেই এমবাপেকে চার্জ করে সেনেগালের ১০ নম্বর জার্সিধারী সাইডো মানে। পেনাল্টির দাবি ওঠে। কিন্তু রেফারি চেক করার পর অবশ্য পেনাল্টি পায়নি ফরাসিরা। ৬৩ মিনিটেও ফের চেষ্টা করেন এমবাপে। সেনেগালের গোলকিপার কোনওমতে হাঁটু দিয়ে সেই শট আটকে দেন। এরপর ৬৫ মিনিটে দুরন্ত শটে গোল করেন ফ্রান্সের স্ট্রাইকার এমবাপে। ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্সের টিম। পরক্ষণেই ৬৭ মিনিটে সেনেগালের স্ট্রাইকার জ্যাকসনের শট জালে জড়িয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেটিকে অফসাইড বলে পতাকা তোলেন লাইন্সম্যান। বাতিল হয়ে যায় সেই গোল। ৭৩ মিনিটে ফ্রান্সের ডুয়ের শট রুখে দেন সেনেগালের গোলরক্ষক। মূহুর্মূহু অ্যাটাক করতে থাকে ফ্রান্স। সেনেগালের ডিফেন্স এড়িয়ে বারবারই বক্সে ঢুকে পড়তে থাকে ফরাসি দল। ৮২ মিনিটে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন ১২ নম্বর জার্সিধারী বারকোলা। দ্বিতীয় হাফে অতিরিক্ত ৮ মিনিট সময় দেওয়া হয়। ৯৫ মিনিটে সেনেগালের হয়ে ইব্রাহিম গোল করেন। পরে মিনিটেই ফের গোল করেন ফরাসি স্ট্রাইকার এমবাপে। ৩-১ গোলের ব্যবধানে জয়ী হয় ফ্রান্স।