নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া জেলা হাসপাতালে জোরকদমে চলছে ক্রিটিক্যাল কেয়ার ব্লকের (সিসিবি) বিল্ডিং নির্মাণের কাজ। হাসপাতালের মাঝামাঝি অংশে প্রায় ১০ তলা এই বহুতল তৈরির জেরে গোটা চত্বর কার্যত ধুলোয় ঢেকেছে। ধুলোর দাপটে নাজেহাল রোগীর পরিজনরা। শুধু তাই নয়, এই ধুলোয় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন আউটডোরে চিকিৎসা করাতে আসা সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভোগা রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের মার্চ মাসে হাওড়া জেলা হাসপাতালে একটি ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি নির্মাণের কাজ শুরু হয়। এই প্রকল্পের জন্য হাসপাতাল চত্বরে থাকা একাধিক পুরনো ভবন ও প্রতীক্ষালয় ভেঙে ফেলা হয়েছে। প্রায় দু’বছর হতে চললেও এখনও শেষ হয়নি নির্মাণকাজ। এদিকে, এই কাজের জেরে প্রতিদিনই ধুলোর দাপটে অতিষ্ঠ হচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। শীতকালে এই সমস্যা বেড়েছে কয়েকগুণ। প্রতিদিন সকাল থেকেই হাওড়া হাসপাতালের আউটডোরের সামনে রোগীর পরিজনদের ভিড় জমে। অভিযোগ, অতিরিক্ত ধুলোর কারণে সেখানে দাঁড়িয়ে থাকাই এখন দুষ্কর। মাস্ক ব্যবহার করে কিংবা নাকে-মুখে কাপড় বেঁধেও ধুলো আটকানো যাচ্ছে না। ধুলোর দাপটে চোখ-নাক জ্বলছে অনেকের। শীতকালে এমনিতেই জ্বর, সর্দি ও কাশির রোগীর সংখ্যা বেড়ে যায়। তার উপর নির্মাণকাজের ধুলো শ্বাসকষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা।
এদিন দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেল, নির্মীয়মাণ সিসিবি বিল্ডিংয়ের পাশ দিয়েই ইনডোরে ভর্তি থাকা রোগীদের জন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছে। খাবার ঢাকা থাকলেও বাসনের উপর ধুলোর আস্তরণ জমছে। এতে রোগ সংক্রমণের আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে সংস্থাকে দিয়ে সিসিবি বিল্ডিং নির্মাণ করানো হচ্ছে, তারা নিয়মিত জল ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বাস্তবে সেই ব্যবস্থা কার্যকর হচ্ছে না বলেই রোগীদের পরিজনদের অভিযোগ। নিজস্ব চিত্র