নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দুর্লভপুর শ্রমিক ভবনের কালীপুজোকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র উদ্যোগে প্রতিবছর ওই পুজো আয়োজিত হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার ওই পুজোর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার সহ বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে শাসক দলের অন্যান্য শাখা সংগঠনের নেতা-নেত্রী ও কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
আইএনটিটিইউসি-র বাঁকুড়া জেলা সভাপতি রথীন বন্দ্যোপাধ্যায় বলেন, রবিবার সকাল ১০টা থেকে এলাকার প্রায় ১৩০০ ছাত্রছাত্রীকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও রাতে কালকাতার ব্যান্ডের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। শ্রমিক ভবনের সঙ্গে যুক্ত সকলে তাতে আপ্লুত হয়েছেন।