সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, মৃতের নাম নাটো। তার বাড়ি রানাঘাটের হবিবপুরে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক যাত্রী। শনিবার সন্ধ্যায় ভাতজাংলা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবোঝাই বাসটি শান্তিপুর থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। ভাতজাংলা পঞ্চায়েত অফিস সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে একটি লরিকে ওভারটেক করার সময় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাসটি ভারসাম্য হারিয়ে রাস্তার উপরেই পাল্টি খেয়ে যায়।দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি উল্টে যাওয়ায় অনেক যাত্রী ভিতরে আটকে পড়েন। পাশাপাশি বাসটিতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়। দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হন আরও বেশ কয়েকজন। আহতদের দ্রুত উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় করেন। আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।