নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জমে উঠেছে রাখির বাজার। জলপাইগুড়ি শহরের দিনবাজারের রাখির দোকানে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। লাইটিং রাখির পাশাপাশি কার্টুনের বিভিন্ন চরিত্রের ছবি দেওয়া রাখিও ছোটদের বিশেষ পছন্দের। এরই পাশাপাশি হরেক ডিজাইনের রাখি কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন ছোট-বড় সকলেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকেই রাখি উৎসব পালন করতে বলেছেন। এই আবহে এবারের রাখির বাজার অনেকটাই চাঙ্গা হবে বলে আশাবাদী বিক্রেতারা।
এদিকে, রাখি উৎসবে ভাই ও বোনদের উপহার দেওয়ার জন্য অভিনব চকোলেট তৈরি করে সাড়া ফেলেছেন জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী লিজা দাস। শহরের বোসপাড়ার বাসিন্দা লিজা ভাইদের জন্য ব্যাট, কোট এবং বোনদের জন্য মেকআপ কিট, ব্যাগ কিংবা ড্রেসের আদলে তৈরি করেছেন কাস্টমাইজড চকোলেট। বছর খানেক নেহাতই শখের বশে এ ধরনের চকোলেট বানানো শুরু করলেও এখন সোশ্যাল মিডিয়ায় চকো ব্লুম বাই লিজা নামে তিনি বেশ পরিচিত। তাঁর তৈরি চকোলেট মিলছে একশো টাকায়। চকোলেটের কম্বো বক্সের সঙ্গে থাকছে রাখি ফ্রি। আর ৯৯৯ টাকার কেনাকাটায় সঙ্গে মিলছে বেন্টো কেক। পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে এগিয়ে চলেছেন লিজা।