Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর ব্যারাজের রাস্তা আজ থেকে খুলছে, কমবে ভোগান্তি

আজ, রবিবার থেকে দুর্গাপুর ব্যারেজের রাস্তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে

দুর্গাপুর ব্যারাজের রাস্তা আজ থেকে খুলছে, কমবে ভোগান্তি
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আজ, রবিবার থেকে দুর্গাপুর ব্যারেজের রাস্তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে পুরোদমে রাস্তায় যানবাহন চলাচল শুরু হতে আগামী কাল সোমবার পর্যন্ত সময় লাগবে বলে বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন। ব্যারেজের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক হয়ে যাতায়াতকারীদের ভোগান্তি লাঘব হবে। রাজ্য সরকার প্রতিশ্রুতিমতো ১৫ জুনের মধ্যে ব্যারেজ সংস্কারের কাজ শেষ করায় সকলে স্বাগত জানিয়েছেন। 

Advertisement

বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, রবিবার দুপুর থেকে বাসের পাশাপাশি ব্যারেজের উপর দিয়ে বাইক, চার চাকার যানবাহন যাতায়াত শুরু হবে। ফলে দামোদর নদের উপর তৈরি অস্থায়ী রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। সোমবার দুপুর থেকে ভারী পণ্যবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহনও ব্যারেজের রাস্তা ব্যবহার করতে পারবে। 
শনিবার বড়জোড়া ব্যারেজের সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার বিষয়টি তদারকি করেন স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বিধায়ক বলেন, সাধারণ মানুষের কথা ভেবে বর্ষার আগেই ব্যারেজের সংস্কার কাজ শেষ করার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। আমরা গত তিনমাস ব্যারেজের কাজ দেখভাল করেছি। বিকল্প রাস্তা তৈরি থেকে মূল রাস্তার সংস্কার কাজ, সবকিছুই দ্রুততার সঙ্গে শেষ হয়েছে। এরজন্য সকলে মুখ্যমন্ত্রী, সেচমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, ব্যারেজের সেতু বহু পুরনো। সেটির আপাতত সংস্কার হল। তবে আগামী দিনে দামোদর নদের উপর একটি বিকল্প সেতু তৈরি করা প্রয়োজন। নতুন সেতু ও বড়জোড়ায় রাজ্য সড়কের উপর উড়ালপুল নির্মাণের দাবি আমি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি।    
উল্লেখ্য‌, দুই লেন বিশিষ্ট ব্যারেজের রাস্তা সংস্কার সহ অন্যান্য কাজের জন্য প্রায় দু’কোটি টাকা খরচ হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যারেজের রাস্তা জরাজীর্ণ হয়ে পড়েছিল। সেতু ও রাস্তার আমূল সংস্কারের প্রয়োজন পড়ে। সেই কারণে সরকারের তরফে কাজ শুরু হয়। বড়জোড়া থেকে দুর্গাপুরমুখী রাস্তার ডানদিকের লেনের কাজ প্রথমে হয়। ওই লেনের কংক্রিটের কাজ শেষ করার পর, তার উপর পিচের আস্তরণ দেওয়া হয়। পরে বাঁদিকের লেনে কাজ হয়। সংস্কার কাজ চলার সময় ব্যারেজের উপর দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী বাস চলাচল করছিল। ব্যারেজের নিম্ন উপত্যকায় দামোদর নদের উপর তৈরি অস্থায়ী রাস্তা দিয়ে সাইকেল, বাইক সহ অন্যান্য ছোট গাড়ি যাতায়াত করেছে। পণ্যবাহী ভারী যানবাহনগুলিকে বর্ধমানের সদর ঘাট ও ১৪ নম্বর জাতীয় সড়কের মেজিয়া সেতু হয়ে ঘুরিয়ে দেওয়া হয়। 
বাঁকুড়ার বাসিন্দা চিন্ময় শীট, দুর্গাপুরের স্বপন পাল বলেন, চাকরি ও ব্যবসা সহ অন্যান্য কাজের জন্য দামোদরের দু’পাড়ের বাসিন্দাদের ওই ব্যারেজ ব্যবহার করতে হয়। ব্যারেজের রাস্তা খানাখন্দে ভরে যাওয়ায় গত কয়েকবছর যান চলাচলে চরম সমস্যা হচ্ছিল। এবার ঝাঁ চকচকে রাস্তা দিয়ে সহজেই যাতায়াত করা যাবে। সংস্কার কাজ রাজ্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে শেষ করেছে। তারফলে বর্ষায় আর কারও অসুবিধা হবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ