Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানের রাস্তায় ছুটবে বন্দে ভারত, পুজোর দিনগুলিতে মিলবে সুন্দরবন দেখার সুযোগ

বর্ধমানের রাস্তায় এবার ছুটবে ‘বন্দে ভারত’। চলছে ট্র্যাক তৈরির কাজ। এই ট্রেনে চড়েই পৌঁছানো যাবে পুজো মণ্ডপে। ভূস্বর্গে প্রতিমা দর্শনের সুযোগ মিলবে।

বর্ধমানের রাস্তায় ছুটবে বন্দে ভারত, পুজোর দিনগুলিতে মিলবে সুন্দরবন দেখার সুযোগ
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের রাস্তায় এবার ছুটবে ‘বন্দে ভারত’। চলছে ট্র্যাক তৈরির কাজ। এই ট্রেনে চড়েই পৌঁছানো যাবে পুজো মণ্ডপে। ভূস্বর্গে প্রতিমা দর্শনের সুযোগ মিলবে। কাঁচরাপাড়ায় তৈরি হচ্ছে ট্রেনের বগি। পুজোর দিনগুলিতে ট্রেনে চড়ে এক অন্য রকম সময় কাটানো যাবে। তবে খুব বেশি কোচ থাকবে না। তিনটি কোচের মধ্যে একটি ‘রিজাভের্শন’ করা থাকবে। অন্য দু’টিতে সাধারণ যাত্রীরা উঠতে পারবেন। এবার পুজোয় চমক দিতে এমনই থিম বেছে নিয়েছে বর্ধমানের সুভাষ কলোনি অ্যাথলেটিক ক্লাব। ২০০ মিটারজুড়ে তৈরি করা হয়েছে ট্র্যাক। পাড়ার একটি প্রান্ত থেকে পুজো মণ্ডপে পৌঁছাবে এই ট্রেন।

Advertisement

পুজো উদ্যোক্তারা বলছেন, পাহাড়ের উপর মণ্ডপ তৈরি করা হয়েছে। বন্দে ভারতে চড়ার পাশাপাশি ভূস্বর্গ দেখারও সুযোগ মিলবে। পুজো কমিটির সম্পাদক অরুণাভ ঘোষ বলেন, এবার আমাদের পুজোর থিম ‘বাহন বন্দে ভারত, ভূস্বর্গে মা’। পঞ্চমীর দিন পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। ছোটো ছোটো বগি তৈরি করে ট্রেনের মতো চালানো হবে। মূলত ছোটোদের কথা ভেবেই এটা তৈরি করা হচ্ছে। একসঙ্গে ৩৫জন উঠতে পারবে। 
এদিকে ইছালাবাদ কিরণ সংঘ তাদের পুজো মণ্ডপে তুলে আনছে সুন্দরবনের জীবনযাত্রা। জলে কুমির, আবার ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করা মানুষদের কাহিনি ফুটিয়ে তোলা হবে এবারের পুজো মণ্ডপে। বনের মধ্যে ঝুঁকি নিয়ে মৌচাক থেকে মধু সংগ্রহর দৃশ্য বা কাঁকড়া ধরার ছবি দেখা যাবে। পুজো উদ্যোক্তা বাবুনি মজুমদার বলেন, পুজো মণ্ডপের দৃশ্য জনগণের মন জয় করবেই। সুন্দরবনের পরিবেশ মনোরম। ঘন জঙ্গল, নদী বা বাঘ দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন পুজো মণ্ডপে আসেন। কিন্তু, সেখানকার মানুষদের কথা ভাবার লোক খুব কম রয়েছেন। সেখানকার মানুষদের কঠোর সংগ্রাম করে দিন কাটাতে হয়। আমরা পুজো মণ্ডপে সেই দৃশ্য ফুটিয়ে তুলেছি। পাশাপাশি প্রকৃতি বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে।
পুজো উদ্যোক্তারা বলছেন, এবারও শহরের ৩৫ থেকে ৪০টি বড়ো পুজো হচ্ছে। তারা থিমে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। শেষ মুহূর্তের কাজ দ্রুত গতিতে চলছে। মহালয়ার পরের দিনে অনেক মণ্ডপেই প্রতিমা চলে আসবে। ভিনরাজ্য বা ভিনদেশের মন্দির থিম আকারে কয়েকটি পুজো মণ্ডপে উঠে এসেছে। আবার তেমন থাকছে প্রকৃতির রূপ। আবার মণ্ডপ, প্রতিমা দেখার পাশাপাশি বাড়তি পাওনা হিসাবে থাকছে বন্দে ভারতে চড়ার সুযোগ! দ্রুত গতিতে ট্রেন ছুটে যাবে ভূস্বর্গের দিকে। এই দৃশ্য দর্শনার্থীদের মন জয় করবেই বলে উদ্যোক্তাদের দাবি। কয়েক দিনের মধ্যে কাঁচরাপাড়া থেকে চলে আসবে ‘বন্দে ভারত’।

Advertisement
সম্পর্কিত সংবাদ