অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: রবিবারের বিকেল। মোহন বাগান কোচ হোসে মোলিনার ঘরে ব্যস্ততা তুঙ্গে। ল্যাপটপ আর পেনড্রাইভ হাতে দ্রুত পায়ে ঘরে ঢুকলেন ভিডিও অ্যানালিস্ট। আধঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক। জানা গেল, বিএসএফকে নিয়েই বিশ্লেষণ চলছিল। সোমবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে কিশোরভারতী স্টেডিয়ামে তাদের বিরুদ্ধেই নামবে সবুজ-মেরুন ব্রিগেড। অজানা প্রতিপক্ষ সম্পর্কে বিশদ তথ্য জেনে নিতে চাইছেন কোচ মোলিনা। উল্লেখ্য, শেষ ম্যাচে ডায়মন্ডহারবার এফসির কাছে ৮-১ গোলে হেরেছে বিএসএফ। সাংবাদিক সম্মেলনে প্রতিপক্ষ সম্পর্কে মোলিনার মন্তব্য, ‘আগের ফল ভেবে লাভ নেই। আমাদের কাছে ম্যাচটা গুরুত্বপূর্ণ। তাই বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি ক্লিনশিট বজায় রাখাও জরুরি।’
বিএসএফের বিরুদ্ধে দলে দু’টি পরিবর্তন হওয়ার সম্ভাবনা। গত ম্যাচে লাল কার্ড দেখায় আপুইয়া নেই। সেই জায়গায় খেলবেন দীপক টাংরি। দলে আসতে পারেন টম আলড্রেডও। সেক্ষেত্রে দীপ্যেন্দু বিশ্বাসের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধবেন বিদেশি ডিফেন্ডার। এছাড়া রাইট উইংয়ে কিয়ান নাসিরির বদলে মনবীর সিংয়ের খেলার সম্ভাবনা। এদিন প্রায় ৪৫ মিনিট ম্যাচ সিচুয়েশন অনুশীলন করালেন কোচ মোলিনা। সেখানে ৪-৫-১ ফর্মেশনেই মহড়া সারেন তিনি। ডিপ-ডিফেন্সে টম-দীপ্যেন্দুর পাশে দুই উইং-ব্যাক আশিস রাই ও অভিষেক সিং। ডিফেন্সিভ স্ক্রিনে ছিলেন অভিষেক সূর্যবংশী ও টাংরি। বক্স টু বক্স মিডিও অনিরুদ্ধ থাপা। দুই উইং হাফ মনবীর ও লিস্টন। সিঙ্গল স্ট্রাইকারের ভূমিকায় সুহেল ভাট। দল নিয়ে মোলিনার মন্তব্য, ‘দুই বিদেশি ডিফেন্ডারের মধ্যে একজনকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।’ আসলে মোহন বাগানকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে হবে ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে। তার প্রস্তুতি সেরে রাখতে চাইছেন কোচ মোলিনা। রবিবার মধ্যরাতে কলকাতায় পা রাখছেন কামিংস। সোমবার শহরে আসার কথা জেমি ম্যাকলারেনের। দিমিত্রিও যোগ দিতে পারেন আগামী সপ্তাহে। এদিকে, সীমিত শক্তি নিয়ে মোহন বাগানের বিরুদ্ধে মরিয়া লড়াই উপহার দিতে চায় বিএসএফ।
কিশোরভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে।