গুয়াহাটি: মঙ্গলবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ডুরান্ড কাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড ও শিলং লাজং এফসি। ভারতীয় ফুটবলে এই ম্যাচ পাহাড়ি ডার্বি নামেই খ্যাত। উল্লেখ্য, গতবারও শেষ চারে দেখা হয়েছিল দুই দলের। সেবার ৩-০ ব্যবধানে জিতেছিল জন আব্রাহামের দল। এরপর এবারের আসরে গ্রুপ লিগেও আলেদাইনের লক্ষ্যভেদে হাসি মুখ নিয়ে মাঠ ছাড়ে নর্থইস্ট। মঙ্গলবার সেই ধারা বজায় রাখতে মরিয়া আইএসএলের দলটি। গতবার কলকাতায় মোহন বাগানকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল নর্থইস্ট। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার হাতছানি। শেষ আটে বোড়োল্যান্ড এফসি’কে ৪ গোলে হারিয়ে সেমি-ফাইনালে পা রেখেছে নর্থইস্ট। পক্ষান্তরে ভারতীয় নেভির বিরুদ্ধে ২-১ গোলে জয় দিয়ে শেষ চারের যোগ্যতা ছিনিয়ে নিয়েছে লাজং। এবার আলেদাইনদের বশ মানিয়ে ফাইনালে উঠে মধুর প্রতিশোধ নিতে মরিয়া শিলং লাজং।



