প্রযোজনাতেও সাফল্যের মুখ দেখছেন দক্ষিণী অভিনেতা নানি। শোনা যাচ্ছে, তাঁর পরের প্রযোজিত ছবিতে নায়ক হিসেবে থাকছেন দুলকার সলমন। নানির প্রযোজিত প্রথম ছবি ‘কোর্ট’ দারুণ ফল করেছিল। ছবিটি পরিচালনা করেছিলেন রাম জগদেশ। পরিচালকের গল্প বলার ধরনে মুগ্ধ নানি নিজে। সে কারণে পরিচালকের সঙ্গে আরও একটি ছবি করতে চান তিনি। সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে দুলকারকে। সূত্রের খবর, সম্প্রতি সম্পূর্ণ চিত্রনাট্য শুনেছেন দুলকার। তিনি নাকি রাজিও হয়েছেন। যদিও সইসাবুদ এখনও বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথমার্ধেই ছবির শ্যুটিং শুরু হতে পারে। দুলকারের বিপরীতে কে থাকবেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। আপাতত নায়িকার খোঁজ করছেন নির্মাতারা।



