Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেদখলের জের, ক্রমশ সঙ্কীর্ণ হচ্ছে স্বরূপগঞ্জ ফেরিঘাটে যাওয়ার রাস্তা

স্বরূপগঞ্জ ফেরিঘাটে পৌঁছনোর গুরুত্বপূর্ণ রাস্তাটি দিনের পর দিন সঙ্কীর্ণ হয়ে যাচ্ছে। রাস্তার দু’ধারে যত্রতত্র দাঁড়িয়ে থাকছে অটো ও টোটো।

বেদখলের জের, ক্রমশ সঙ্কীর্ণ হচ্ছে স্বরূপগঞ্জ ফেরিঘাটে যাওয়ার রাস্তা
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: স্বরূপগঞ্জ ফেরিঘাটে পৌঁছনোর গুরুত্বপূর্ণ রাস্তাটি দিনের পর দিন সঙ্কীর্ণ হয়ে যাচ্ছে। রাস্তার দু’ধারে যত্রতত্র দাঁড়িয়ে থাকছে অটো ও টোটো। এমনকী, স্বরূপগঞ্জ চৌমাথার মোড় থেকে ফেরিঘাটে ঢোকার রাস্তার সামনে গাড়ি দাঁড় করিয়ে চলছে যাত্রী ওঠা-নামা। শুধু তাই নয়, রাস্তার বেশকিছুটা অংশ দখল করে একশ্রেণির ব্যবসায়ী দোকানের পণ্য সামগ্রী সাজিয়ে রাখছেন। অনেকে চলাচলের রাস্তা পর্যন্ত দোকান এগিয়ে নিয়ে এসেছেন। কেউ আবার রাস্তার উপরেই গুমটি পেতে বসেছেন। ফলে প্রতিদিনই ফেরিঘাট যাওয়ার রাস্তায় যানজটের কারণে হয়রানির শিকার হতে হচ্ছে পড়ুয়া থেকে পথচারীদের। সমস্যায় পড়ছেন কৃষ্ণনগর স্টেশন বা বাসস্ট্যান্ড হয়ে নবদ্বীপ ও মায়াপুর বেড়াতে আসা পুণ্যার্থীরাও। দাবি উঠেছে, অবিলম্বে এই রাস্তায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিসের ব্যবস্থা করা হোক।

Advertisement

স্বরূপগঞ্জ ফেরিঘাট ও নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তা ক্রমশ বেদখল হয়ে হওয়ায় স্থানীয়দের পাশাপাশি সমস্যায় পড়ছেন চৈতন্যভূমি নবদ্বীপে ঘুরতে আসা পর্যটকরাও। এই ফেরিঘাট থেকে নৌকা পারাপার করে প্রতিদিন বহু মানুষ নবদ্বীপ ও স্বরূপগঞ্জে যান। স্বরূপগঞ্জ চৌমাথার মোড় থেকে ফেরিঘাট যাওয়ার রাস্তায় প্রতিদিনের যানজটের জন্য স্কুলের সময়ে চরম ভোগান্তির সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা।
স্বরূপগঞ্জ পালপাড়ার বাসিন্দা রাজেশ দেবনাথ বলেন, বিশেষ করে কৃষ্ণনগর স্টেশনে যেতে গিয়ে যাত্রীদের প্রায়ই ট্রেন মিস হচ্ছে। ওই রাস্তায় একবার বাস ঢুকে পড়লে অটো ও টোটো পাশ কাটিয়ে যেতে পারে না। প্রতিনিয়ত যানজট লেগে যায়। বিশেষ করে সমাজ কল্যাণ ক্লাবের কাছ থেকে স্বরূপগঞ্জ ফেরিঘাট পর্যন্ত এই সমস্যা রয়েছে। 
চরমাজদিয়ার বাসিন্দা দ্বাদশ শ্রেণির পড়ুয়া সৌম্যজিৎ সাহা বলে, স্বরূপগঞ্জ ফেরিঘাট যাওয়ার রাস্তায় অটো ও টোটোগুলি দাঁড়িয়ে থাকায় চলাচল করতে খুব সমস্যা হয়। আমাদের প্রতিদিনই নৌকায় ভাগীরথী পেরিয়ে স্কুল বা টিউশনি পড়তে নবদ্বীপে যেতে হয়।
নবদ্বীপ স্বরূপগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান কানাই দাস বলেন, এই রাস্তাটি দু’টি পঞ্চায়েতের মাঝখানে রয়েছে। একদিকে স্বরূপগঞ্জ পঞ্চায়েত, অন্যদিকে রয়েছে চরমাজদিয়া-চরব্রহ্মনগর পঞ্চায়েত। অটো ও টোটোগুলি রাস্তার পাশে দাঁড়াচ্ছে। পঞ্চায়েত সমিতির তরফে দু’টি পঞ্চায়েতের প্রধানকে নিয়ে সার্বিকভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। যদি বিডিও সাহেব মনে করেন এব্যাপারে দুই পঞ্চায়েতের প্রধানকে নিয়ে বসবেন, তাহলে সমস্যার সমাধান হবে।  
চরমাজদিয়া-চরব্রহ্মনগর পঞ্চায়েতের প্রধান স্বপন দেবনাথ বলেন, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ বিষয়টিতে হস্তক্ষেপ করলে আমরাও সহমত পোষণ করব। নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ বলেন, বিষয়টি দু’টি পঞ্চায়েতের অভ্যন্তরীণ ব্যাপার। দু’টি পঞ্চায়েত বিষয়টি অবগত করুক। তারপর আমরা উদ্যোগ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ