Bartaman Logo
১০ জুন, ২০২৬

জোড়া সেসের জের, বাড়তে পারে সিগারেট, মদ, বিলাসবহুল গাড়ির দাম

সেই সূত্রেই কমপেনসেশন সেসের পরিবর্ত হিসেবে হেল্থ ও ক্লিন এনার্জি নামে জোড়া সেস আরোপের প্রস্তাব সামনে আসছে

জোড়া সেসের জের, বাড়তে পারে সিগারেট, মদ, বিলাসবহুল গাড়ির দাম
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জিএসটি কাঠামোয় পরিমার্জনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সেই সূত্রেই কমপেনসেশন সেসের পরিবর্ত হিসেবে হেল্থ ও ক্লিন এনার্জি নামে জোড়া সেস আরোপের প্রস্তাব সামনে আসছে। রাজ্যগুলির রাজস্ব ক্ষতি এড়াতেই এই ক্ষতিপূরণ সেস চালু হয়েছিল। ২০২২ সালের জুনেই প্রাথমিকভাবে এই সেস শেষ হওয়ার কথা ছিল। পরে তা বর্ধিত করা হয়। আগামী বছরের মার্চে এর মেয়াদ শেষ হবে।  সেই প্রস্তাব পাশ হলে মদ, সিগারেট সহ তামাকজাত পণ্য, কার্বোনেটেড পানীয় ও দামি শৌখিন গাড়ি সহ একঝাঁক পণ্যের দাম বাড়তে পারে। সূত্রের খবর, মূলত ২৮ শতাংশের উচ্চ জিএসটি স্ল্যাবের অন্তর্গত ‘কলুষিত পণ্যে’র (সমাজ ও স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলা দ্রব্য) উপর চাপতে চলেছে ‘হেল্থ সেস’-এর অতিরিক্ত বোঝা। মূলত সিগারেট সহ তামাকজাত পণ্য, মদ ইত্যাদির উপর এই সেস চাপতে পারে। আবার মহার্ঘ শৌখিন গাড়ি ও কয়লার মতো পণ্যে ‘ক্লিন এনার্জি সেস’ চাপতে পারে বলে খবর। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পুনর্নবীকরণযোগ্য বা দূষণহীন শক্তিকে প্রাধান্য দিচ্ছে কেন্দ্র। তার সঙ্গে সঙ্গতি রেখেই ‘ক্লিন এনার্জি সেস’ আরোপ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সূত্রের খবর, অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরীর নেতৃত্বাধীন কমপেনসেশন সেস সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠী জুলাই মাসের শেষদিকে এই ইস্যুতে বৈঠকে বসতে চলেছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ