Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুধেশ্বর ধানের শিষ-কাচের টুকরো প্রতিমা তৈরির উপাদানেই চমক ক্যানিংয়ে

ক্যানিংয়ে একাধিক পুজোতে দুর্গা প্রতিমা তৈরিতে বিশেষ চমক। কোথাও ব্যবহার করা হচ্ছে দুধেশ্বর ধানের শিষ। কেউ কাচের টুকরো দিয়ে তৈরি করছেন দুর্গা।

দুধেশ্বর ধানের শিষ-কাচের টুকরো  প্রতিমা তৈরির উপাদানেই চমক ক্যানিংয়ে
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ে একাধিক পুজোতে দুর্গা প্রতিমা তৈরিতে বিশেষ চমক। কোথাও ব্যবহার করা হচ্ছে দুধেশ্বর ধানের শিষ। কেউ কাচের টুকরো দিয়ে তৈরি করছেন দুর্গা। গ্রামের পুজো হলেও দর্শক টানতে সবরকম প্রয়াস নিয়েছে পুজো কমিটিগুলি। মিঠাখালি সর্বজনীন দুর্গোৎসব এবার ৪২তম বছরে পা দিয়েছে। রাজস্থানের যোধপুরের একটি প্রাসাদের আদলে তৈরি করছে মণ্ডপ। এবার পুজোর মূল আকর্ষণ হল প্রতিমা। সেটি তৈরি করা হচ্ছে দুধেশ্বর ধানের শিষ দিয়ে। মেদিনীপুর থেকে শিষ সংগ্রহ করার কাজ চলছে। এছাড়াও মণ্ডপ প্রাঙ্গণে লেজার শোয়ের ব্যবস্থা হয়েছে। পুজোর বাজেট কুড়ি লক্ষ টাকা। কমিটির অন্যতম কর্মকর্তা এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, ‘দর্শনার্থীরা এবার আমাদের পুজো দেখে উপভোগ করতে পারবেন। আলোর নানা চমক থাকবে।’ হাসপাতাল পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার পরিবেশরক্ষার বার্তা দিতে ‘মাটির ঘরে মা’ থিমের মণ্ডপ তৈরি করছে। এই পুজো ৭৩ বছরে পা দিল। কমিটির কর্মকর্তা তন্ময় দাস বলেন, ‘প্রায় সাত হাজার মাটির হাঁড়ি ও কলসি দিয়ে সাজানো হবে মণ্ডপ। থিমের প্যান্ডেল হলেও ঠাকুর হচ্ছে সাবেকি ঘরানার। এবার এই পুজোর বাজেট ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। পঞ্চমীর দিন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ।’ ক্যানিং হাইস্কুল পাড়া সর্বজনীন দুর্গোৎসব এবার লুপ্তপ্রায় পাখিদের রক্ষার বার্তা নিয়ে আসছে। তাদের থিম, ‘উড়তে মোদের মানা’। পুজো কমিটির সম্পাদক অরিত্র বসু বলেন, ‘যত দিন যাচ্ছে উন্নত নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার জন্য বসছে টাওয়ার। আর তার জেরে অনেক পাখি মারা যাচ্ছে। বিলুপ্ত হতে বসেছে চড়ুই, শালিকের মতো পাখি। এটাই মূলত মণ্ডপে তুলে ধরা হবে। এবারের পুজোর বাজেট ১৪ লক্ষ টাকা। থিমের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। চতুর্থীর দিন উদ্বোধনের কথা রয়েছে।’ হীরক জয়ন্তী বছরে পুতুল নাচ থিমে মণ্ডপ তৈরি করছে মিলন সঙ্ঘ। সাড়ে সাত লক্ষ টাকার বাজেট এবার। প্রবেশপথ থেকে শুরু করে বেরনোর পথে দর্শনার্থীরা পুতুল নাচের আনন্দ নিতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। নিউ স্টার ক্লাব পরিচালিত রাজারলাট পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার চীনের গ্র্যান্ড লিসবোয়া বিল্ডিংয়ের ধাঁচে মণ্ডপ বানাচ্ছে। প্যান্ডেলের ভিতর ‘মহারাজা তোমায় সেলাম’ থিমের মোড়কে সত্যজিৎ রায়ের গল্প ও নাটক তুলে ধরা হবে। ৪৩ বছরে পা দেওয়া এই পুজোর চমক হল, এখানে প্রতিমা তৈরি হচ্ছে কাচের টুকরো দিয়ে। - নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ