সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানার লাওদা এলাকার একটি পরিত্যক্ত গাড়ি থেকে বেশ কয়েক কেজি গাঁজা উদ্ধার হল। বৃহস্পতিবার বিকেলে বিশাল পুলিস বাহিনী ওই গাঁজা উদ্ধার করে বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, ঘাটাল-মেচোগ্রাম রাস্তার পাশে লাওদার মুরগি খেলার মাঠে পড়ে থাকা একই চার চাকার গাড়ি থেকে গাঁজার প্যাকেকগুলি উদ্ধার হয়েছে। ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে চন্দ্রকোণা থানার নীলগঞ্জের উপর দিয়ে একটি গাড়িতে গাঁজা পাচার হচ্ছিল। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে বেশ কয়েক কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের পুলিস হেফাজতে রাখা হয়। তাদের মধ্যে ঝাড়খণ্ডের বাসিন্দা রাধেশ্যাম সিংকে জেরা করে এদিনের ওই গাঁজার হদিশ পাওয়া গিয়েছে বলে পুলিস জানিয়েছে। এদিন রাধেশ্যামকেও ঘটনাস্থলে আনা হয়েছিল। একটি বস্তায় ২০ কেজিরও বেশি গাঁজা ছিল বলে জানা গিয়েছে।



