Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে ফের ফাঁকা বাড়িতে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

দাসপুরে ফের ফাঁকা বাড়িতে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: দাসপুরে ফের বাড়ির তালা ভেঙে প্রায় তিন লক্ষের বেশি টাকার সম্পদ চুরি গেল। দাসপুর থানার চাঁইপাট গ্রামে এঘটনা ঘটেছে। শনিবার সকালে চুরির বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাড়ির মালিক সুবল মণ্ডল বলেন, আমরা বাড়িতে ছিলাম না। দরজার তালা ভেঙে ৩০ গ্রাম সোনার গয়না ও নগদ ৪০ হাজার টাকা চুরি হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। বৃদ্ধ সুবলবাবুর তিন ছেলে কর্মসূ্ত্রে ভিনরাজ্যে বসবাস করেন। চাঁইপাটের বাড়িতে সস্ত্রীক সুবলবাবু থাকেন। শুক্রবার তাঁরা হুগলি জেলার নন্দনপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। এদিন সকালে পড়শিদের থেকে খবর পান, তাঁদের বাড়ির দরজার তালা ভাঙা। ফিরে এসে দেখেন, আলমারি ভেঙে জিনিসপত্র তছনছ করা হয়েছে। প্রায় ৩০ গ্রাম সোনার গয়না ও নগদ ৪০ হাজার টাকা নেই। বৃহস্পতিবার রাতে ওই থানার বালিতোড়া গ্রামে একটি বাড়ি থেকে চার লক্ষের বেশি টাকার সামগ্রী চুরি গিয়েছে। ওইদিন রাতে বালিতোড়ার পাশের গ্রাম সেকেন্দারি বাজারের একটি দোকানে চুরি হয়েছে। আরও একটি দোকানে চুরির চেষ্টা হয়েছিল। শীতের শুরুতেই দাসপুরে একের পর এক চুরির ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন। বিভিন্ন গ্রামে দোকানপাট, গৃহস্থবাড়িতে চুরির ঘটনায় তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ