সংবাদদাতা, ঘাটাল: বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের কর্মীদের ভুলে প্রাণ গেল এক গৃহবধূর। টান দেওয়ার তারের সঙ্গে মেন লাইনের সংযোগ হয়ে গিয়েছিল। সেই তারেই হাত লেগে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দাসপুর থানার সুজানগরের এক গৃহবধূর। মৃতার নাম সুরেখা খাঁড়া(৪২)। এলাকায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা তদন্তে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিস জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটালের ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং ডিভিশনাল ম্যানেজার বিশ্বদেব বিশ্বাস বলেন, কী করে ঘটনাটি ঘটল, তা আমরা তদন্ত করে দেখছি। যদি বিদ্যুৎ দপ্তরের ভুলে ওই মৃত্যু হয়, তাহলে নিয়ম অনুযায়ী মৃতের পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে। কয়েক দিন ধরেই ওই এলাকায় লো-টেনশন লাইনের বিদ্যুতের খোলা তার বদলে কভার তার লাগানোর কাজ চলছে। ওই গ্রামের খাঁড়া পাড়ার বাসিন্দারা বলেন, সোমবার সকাল থেকেই বিদ্যুৎ দপ্তরে ঠিকাদার কর্মীরা পুরানো তার খুলে নিয়ে কভার তার লাগানোর কাজ করছিলেন। ফলে সারাদিন বিদ্যুৎ ছিল না। রাত ৮টা পর্যন্ত ওই কাজ চলে। তারপর বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। রাতে আলোও জ্বলে। সুরেখাদেবীর বাড়ি থেকে কয়েক ফুট দূরেই বিদ্যুতের একটি খুঁটি রয়েছে। তিনি অন্যান্য দিনের মতো মঙ্গলবারও ঘুম থেকে উঠে বাড়ির সামনের অংশ পরিষ্কার করছিলেন। সেই সময় খুঁটির টানা তারে কোনওভাবে হাত লেগে যায়। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এলাকায় তদন্তে যান। তাঁদের দেখেই স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, বিদ্যুতের তার বদলানোর সময় ঠিকাদারের কর্মীদের বারবার অনুরোধ করা হয়েছিল, টানা দেওয়া প্রত্যেকটি তার পরীক্ষা করে নেওয়ার জন্য। তাঁরা কথাও দিয়েছিলেন। কিন্তু তারপরেও এই ঘটনা ঘটে গেল।



