নিজস্ব প্রতিনিধি, তমলুক: আগামী ২৬ডিসেম্বর থেকে ১জানুয়ারি পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে ২৬তম তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটিরশিল্প মেলা হতে চলেছে। এই উপলক্ষ্যে ২৬-২৮তারিখ তাম্রলিপ্ত রাজবাড়িতে তিনদিনের বিশেষ আলোচনা সভা রয়েছে। ‘আন্তর্জাতিক ক্ষেত্রে বৌদ্ধ জগতের সঙ্গে প্রাচীন তাম্রলিপ্তের সম্পর্ক’ নিয়ে এই আলোচনায় ১০টি দেশ থেকে শিক্ষাবিদ, কুটনীতিক উপস্থিত হবেন। হাভার্ড ইউনিভার্সিটির অধ্যাপিকা, বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির দু’জন উপাচার্যও উপস্থিত হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলা এবং রাজবাড়িতে আলোচনা সভার সাফল্য কামনা করে কমিটির সম্পাদক তথা তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়কে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন।
Advertisement
তমলুক রাজবাড়ি ময়দানে এই মেলাকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগম হয়। মেলা চলাকালীন প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ওষুধ সরবরাহ করা হয়। ২৮তারিখ দুপুর ২টোয় সারাবাংলা অঙ্কন প্রতিযোগিতা রয়েছে। বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে এই অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে রুপোর পদক দেওয়া হবে। ২৯তারিখ রক্তদান শিবির রাখা হয়েছে।



