সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ৬ এবং ১৪ নম্বর ওয়ার্ডে নিকাশি সমস্যা মেটাতে উদ্যোগী হল পুরসভা। ওই দু’টি ওয়ার্ডের তারাকালী মোড় এবং মৌলপুরে দেড় কোটি টাকা ব্যয়ে বড় নিকাশি নালার কাজ হবে। রবিবার ১৪ নম্বর ওয়ার্ডে ৩০০ মিটার বড় নিকাশি নালার কাজের শিলান্যাস হয়েছে। সোমবার ৬ নম্বর ওয়ার্ডে ৬০০ মিটার নিকাশি নালা তৈরির জন্য শিলান্যাস হয়েছে। ওয়ার্ডগুলিতে সুষ্ঠু নিকাশির কাজের উদ্যোগ দেখে স্থানীয়রা বেশ খুশি। তাঁরা পুরবোর্ডকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষের দাবি জানিয়েছেন।
Advertisement
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, এই ওয়ার্ডগুলিতে নিকাশি নালার জন্য স্থানীয় কাউন্সিলাররা একাধিক বার আমাদের জানান। বোর্ড মিটিংয়ে আলোচনা হয়। প্ল্যান করে নিকাশি নালা তৈরির কাজ হচ্ছে। ৬ নম্বর ওয়ার্ডের নিকাশি নালা হলে পাশের ওয়ার্ডগুলিও উপকৃত হবে। দুটি ওয়ার্ডে নিকাশি নালা তৈরিতে দেড় কোটি টাকা ব্যয় করা হবে। বাসিন্দাদের আর ভুক্তভোগী হতে হবে না। উল্লেখ্য, ফি বছর বর্ষার সময় পুরসভার ৬, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডের জমা জল নিয়ে মানুষকে ব্যাপক ভোগান্তি শিকার হতে হয়। বৃষ্টি হলে ওই জল সুষ্ঠু নিকাশির অভাবে বের হয় না। স্কুলে যেতে পড়ুয়াদের অসুবিধা হয়। এবারও বর্ষায় মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। মানুষ এনিয়ে সরব হয়েছিলেন। দুই সপ্তাহ আগে ১৬, ১৭ নম্বর ওয়ার্ডে নিকাশি নালা তৈরির কাজের সূচনা হয়। এবার পাশের ওয়ার্ডে কাজের সূচনা হল। শহরের এক বাসিন্দা বাপী ঘোষ বলেন, অনেকের বাড়িতে জল প্রবেশ করত। রাস্তায় জল দু’দিনের বেশি স্থায়ী হয়ে থাকত। খুবই কষ্ট করেছি। আমরা খুবই আনন্দিত। দ্রুত কাজ শেষ হোক, এটাই আশা করব। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিনতী ঘোষের স্বামী তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষ বলেন, ওয়ার্ডে বড় কাজের সূচনা হল। কাজ শেষ হলে আগামী বর্ষাতে কাউকে ভোগান্তি পোহাতে হবে না।



