সংবাদদাতা, নাগরাকাটা: চিতাবাঘের আতঙ্ক। তাই শনিবার সকালে বোম পটকা ফাটিয়ে কাজ শুরু করলেন নাগরাকাটা ব্লকের এক নম্বর আংরাভাসা গ্রামপঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের শ্রমিকরা। বিকেল চারটা নাগাদ চা বাগানে চিতাবাঘ ধরতে পরপর দু’টি খাঁচা পাতেন বিন্নাগুড়ি ও ডায়না রেঞ্জের বনকর্মীরা ১০ নম্বর এবং ২০ নম্বর সেকশনে খাঁচা বসানো হয়। গত শুক্রবার ওই বাগানে চিতাবাঘের হামলায় ঝালো ওরাওঁ এবং লব ওরাওঁ নামে দু’জন গুরুতর জখম হন। তাঁরা মাল সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে ৩মাসে এই চা বাগানে ৭জন চিতাবাঘের হামলায় জখম হন। চিতাবাঘের আতঙ্কে সন্ধ্যার পর থেকে গৃহবন্দী দশা বাসিন্দাদের। শুক্রবার রাতে লব ওরাওঁয়ের হামলার পর এদিন বনকর্মীরা সেখানে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন। এই ব্যাপারে বিন্নাগুড়ির রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস বলেন, চিতাবাঘ ধরতে দু’টি খাঁচা পেতে রাখা হয়েছে। সকলকে সতর্ক থাকতে হবে।



