Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’বছর পর দলীয় বৈঠকে মমতার সঙ্গে দেখা কেষ্টর

দু’বছর পর দলীয় বৈঠকে মমতার সঙ্গে দেখা কেষ্টর
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: জেল থেকে ফেরার আড়াই মাস পর সোমবার কলকাতায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হল অনুব্রত মণ্ডলের। এদিন দুপুরে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেন, ‘দিদির সঙ্গে ভাই দেখা করতে যাচ্ছে, ভালো তো অবশ্যই লাগছে।’ 
Advertisement
২০২২সালের আগস্ট মাসে গোরু পাচার ও আর্থিক দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেপ্তার হন অনুব্রত। তারপর কেটে গিয়েছে দু’বছর। গত সেপ্টেম্বর মাসে জামিনে মুক্ত হয়ে বোলপুরে ফেরেন অনুব্রত। কাকতলীয়ভাবে সেদিনই বোলপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কিন্তু নেত্রীর সঙ্গে অনুব্রতর দেখা হয়নি। কেষ্টর অনুপস্থিতিতে জেলা পরিচালনার জন্য বীরভূমে কোর কমিটি গঠন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কোর কমিটির তত্ত্বাবধানেই গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পায় তৃণমূল। কিন্তু জটিলতা তৈরি হয় অনুব্রত ফিরে আসার পরে। কোর কমিটি দল চালাবে নাকি আগের মতো অনুব্রতর হাতে জেলার রাশ থাকবে তা নিয়ে জল্পনা শুরু হয়। কোর কমিটির সদস্য বৃদ্ধির দাবিও তোলেন অনুব্রত। তবে বিষয়টিতে কারও হস্তক্ষেপ না করাই ভালো বলে মন্তব্য করেন কোর কমিটির সদস্যদের একাংশ। সেই পরিস্থিতিতেই জেলমুক্তির দীর্ঘদিন পরে তৃণমূলের কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠকে অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠানো হয়। এদিন বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে অনুব্রতকে পুরনো চেনা মেজাজেই দেখা যায়। বৈঠকে অনুব্রত ছাড়া জেলার অন্য কোনও নেতৃত্ব ডাক পাননি। 
সম্পর্কিত সংবাদ