Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কিরীটেশ্বরী মন্দিরের উপরে ড্রোনের আনাগোনা, আতঙ্ক

কিরীটেশ্বরী মন্দিরের উপরে ড্রোনের আনাগোনা, আতঙ্ক
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: এবার মুর্শিদাবাদ জেলার নবগ্রামের সতীপীঠ কিরীটেশ্বরীর আকাশে রহস্যজনক ড্রোনের দেখা মিলল। মঙ্গলবার রাতে প্রথমবার কিরীটেশ্বরী মন্দিরের উপর ড্রোনটিকে দেখা যায়। বুধবার প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যেও ফের ড্রোনটিকে মন্দিরের উপরে আকাশে উড়তে দেখা যায়। এতেই মন্দির কমিটির সদস্য থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে। সেই সঙ্গে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। রাতেই বিষয়টি মন্দির কমিটির পক্ষ থেকে নবগ্রাম থানায় জানানো হয়। খবর পেয়ে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্ব পুলিস বাহিনী কিরীটেশ্বরী মন্দির চত্বরে আসে। বেশ কিছুক্ষণ ধরে মন্দির চত্বর ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখে থানায় ফিরে যায়। রহস্যজনক ড্রোনের উপর নজরদারি চালাতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কিরীটেশ্বরী মন্দির এবং সংলগ্ন এলাকায় পুলিস মোতায়েন ছিল। অতিরিক্ত পুলিস সুপার (লালবাগ)  রাসপ্রীত সিং বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনই কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু আতঙ্কের কিছু নেই। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Advertisement

মুর্শিদাবাদের অন্যতম দর্শনীয় স্থান নবগ্রাম থানার সতীপীঠ কিরীটেশ্বরী। এখানে কয়েক শতাব্দী প্রাচীন মাতা কিরীটেশ্বরীর মন্দিরের পাশাপাশি গুপ্ত মন্দির রয়েছে। কাজেই সারা বছর কিরীটেশ্বরীতে পর্যটকদের পাশাপাশি ভক্ত সমাগম হয়। আর এই সতীপীঠে মঙ্গলবার থেকে রহস্যময় ড্রোন দেখতে পাওয়া যাচ্ছে। এই ড্রোনকে কেন্দ্র করেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় কিরীটেশ্বরী মন্দির থেকে প্রায় আড়াইশো মিটার উপরে ড্রোনটিকে উড়তে দেখা যায়। পাঁচ মিনিট থাকার পর সেটি গুপ্ত মন্দিরের দিকে চলে যায়। ওখানে মিনিট তিনেক থেকে দক্ষিণে নারকেল বাগানের দিকে চলে যায়। বুধবার রাত সাড়ে ৭টা থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি নবগ্রামে ঝড়বৃষ্টি শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রহস্যময় ড্রোনটিকে কিরীটেশ্বরী মন্দিরের উপরে মিনিট দুয়েক উড়তে দেখা যায়। 
স্থানীয় বাসিন্দা অজয় বিশ্বাস বলেন, কলকাতা সহ বিভিন্ন জায়গায় রহস্যজনক ড্রোনের দেখা মিলছে বলে জানতে পারছি। গত দু’দিন ধরে কিরীটেশ্বরীতে ড্রোন উড়ছে। এটি সাধারণ ড্রোন নয় বলেই মনে হচ্ছে। আমাদের আশঙ্কা, ধর্মীয় স্থানে নাশকতার ছকও থাকতে পারে। কাজেই খুব আতঙ্কের মধ্যে রয়েছি। কিরীটেশ্বরী মন্দির কমিটির সহ সম্পাদক সৌমিত্র দাস বলেন, ড্রোনটির গতিপথ রহস্যময়। নবগ্রামের দিক থেকে এসে কিরীটেশ্বরী ও গুপ্ত মন্দিরের উপর কিছুক্ষণ থেকে নারকেল বাগানের দিকে চলে যাচ্ছে। প্রথম দিন গুরুত্ব না দিলেও বুধবার ঝড়বৃষ্টির মধ্যে সেটিকে উড়তে দেখে সন্দেহ দানা বাঁধে। কারণ সাধারণ ড্রোন ঝড়বৃষ্টির মধ্যে উড়তে পারবে না। তাছাড়া ড্রোনটির রেঞ্জও অনেক বেশি। প্রসঙ্গত, গত ১০ মে সামশেরগঞ্জ থানার নিমতিতা পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া দুর্গাপুর-বরোজডিহি গ্রামে ভুট্টার জমি থেকে একটি ড্রোন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বিএসএফ উদ্ধার করে নিয়ে যায়।   প্রতীকী ছবি

Advertisement
সম্পর্কিত সংবাদ