নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নানা আইনি গেরো কাটিয়ে গত তিন মাসে দার্জিলিং জেলা আদালতে নিষ্পত্তি হল একাধিক দেওয়ানি, মাদক, বিবাহ বিচ্ছেদ সহ অন্যান মামলার বিচার। জেলা জজ জীমূতবাহন বিশ্বাসের এজলাসে চলা ওই সমস্ত মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সেখানকার সরকারি কৌঁসুলি থেকে বিচারপ্রার্থীরা। তাঁদের অনেকেরই বক্তব্য, নানা কারণে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই মামলা নিষ্পত্তি না হওয়ায় সময় ও অর্থ দুই ক্ষতি হচ্ছিল। সেখানে দ্রুত শুনানি করে এই সমস্ত মামলা নিষ্পত্তি হওয়াতে আদালতের ভার অনেকটাই কমল। আদালত সূত্রের খবর, নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে রয়েছে দেওয়ানি ৩৫টি, বিবাহ বিচ্ছেদ ১২টি, মাদক সংক্রান্ত মামলা ১১টি। এছাড়া অন্যান মামলা ১০টি। অন্যদিকে, ওই সময়ের মধ্যে বাতিল হয়েছে ৩০টির ওপর মাদক মামলার জামিন। সে ক্ষেত্রে আদালতের বক্তব্য ছিল, মাদক পাচারকারীরা জামিন পেলে মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে। অপরাধীদের ফের ওই অসাধু কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সব দেখে আদালত চুপ করে বসে থাকতে পারে না। বিচারকের আরও বক্তব্য ছিল, মাদকের মতো ওই সমস্ত মামলায় পুলিস প্রশাসন যেভাবে দ্রুত পদক্ষেপ করেছে,তা সত্যিই প্রশংসাযোগ্য। জানা গিয়েছে, নানা কারণে মামলার তদন্তে ঢিলেমি ও দীর্ঘদিন জেলে পড়ে থাকা অভিযুক্তদের মামলা কেস‑ডায়েরি খতিয়ে দেখে জেলা আদালত প্রায় ১৮০ জন অভিযুক্তের জামিনের আর্জি মঞ্জুর করেছে। তাতে সেখানকার জেলে বন্দিদের ভারও কিছুটা কমেছে। প্রবীণ আইনজীবীদের বক্তব্য,উচ্চ আদালত নানা সময় নিম্ন আদালতে জমে থাকা নানা মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়াতে চরম উষ্মা প্রকাশ করে থাকে। সে ক্ষেত্রে নানা আইনি জটিলতা কাটিয়ে দার্জিলিং জেলা আদালতে অল্প সময়ের মধ্যে অত সংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তি অবশ্যই একটি উল্লেখযোগ্য ঘটনা।



