Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জল অমিল, এবার প্রতি ওয়ার্ডে রিজার্ভার পাঠাচ্ছে বুনিয়াদপুর পুরসভা

পানীয় জলের সঙ্কট বুনিয়াদপুর পুরসভার ১৪টি ওয়ার্ডে। অভিযোগ, এখনও সব ওয়ার্ডে পিএইচই’র জলের ট্যাপ পৌঁছয়নি

পানীয় জল অমিল, এবার প্রতি ওয়ার্ডে রিজার্ভার পাঠাচ্ছে বুনিয়াদপুর পুরসভা
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: পানীয় জলের সঙ্কট বুনিয়াদপুর পুরসভার ১৪টি ওয়ার্ডে। অভিযোগ, এখনও সব ওয়ার্ডে পিএইচই’র জলের ট্যাপ পৌঁছয়নি। ট্যাপ এলেও জল মিলছে না। শুধুমাত্র বুনিয়াদপুর বাসস্ট্যান্ড লাগোয়া ৪ টি ওয়ার্ডে পিএইচই’র পানীয় জল পরিষেবা চালু রয়েছে। 

Advertisement

শহরবাসীর বক্তব্য, শহরের মিরজাদপুর এলাকায় পিএইচই’র জলের রিজার্ভার রয়েছে। সেখান থেকে বাড়ি বাড়ি পানীয় জলের ট্যাপ পৌঁছেছে শহরের নারায়ণপুর, রাঙাপুকুর, গভর্মেন্ট কলোনি, সেলিমাবাদ, হলদি, মিরজাদপুর এলাকায়। কিন্তু এখন অধিকাংশ ট্যাপ দিয়ে জল আসছে না। পুরসভার মাৰ্ক টু টিউবওয়েলও অকেজো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। এই অবস্থায় প্রায় ১৪ টি ওয়ার্ডেই প্রতিদিন পানীয় জলের রিজার্ভার পাঠাতে হচ্ছে পুরসভাকে। পুরপ্রশাসক কমল সরকার বলেন, শহরে জলের সমস্যা রয়েছে। আমরা পরিষেবা স্বাভাবিক রাখতে ওয়ার্ডে ওয়ার্ডে ট্যাঙ্ক পৌঁছে দিচ্ছি। 
পুর ও নগরোন্নয়ন দপ্তরের সহায়তায়, অম্রুত প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দে শহরের ১৪ টি ওয়ার্ডে নলবাহিত পানীয় জল পরিষেবা পৌঁছে দেবে পুরসভা। ২০২৫-২৬ আর্থিক বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার টার্গেট নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। পুর প্রশাসক বলেন, শহরে অম্রুত ২ প্রকল্পের কাজ শুরু হবে। সেজন্য ৫৫ কোটি বরাদ্দ হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে। আগামী বছরে আর পানীয় জলের কোনও সমস্যা থাকবে না।
বুনিয়াদপুর শহরের হলদি এলাকার বাসিন্দা মনোরঞ্জন প্রামাণিক বলেন, বাড়িতে জলের ট্যাপ পৌঁছেছে। কিন্তু জল আসছে না। সাধারণ টিউবওয়েলও কাজ করছে না। মাৰ্ক টু টিউবওয়েলের জল ভালো না। পুরসভার রিজার্ভারের জল নিতে হচ্ছে। কবে স্থায়ী সমাধান হবে জানি না।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ