নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশঙ্কাই সত্যি হল! টালা ট্যাংক থেকে শহরে পানীয় জল সরবরাহের ব্রিটিশ আমলের একটি পাইপলাইনে ফাটলের কারণে বিপত্তি ঘটে সোমবার। টালা এলাকার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়ে। এই সমস্যা মিটিয়ে পরিষেবা মোটামুটি স্বাভাবিক করতে আরও দু-তিনদিন লাগবে। তাই আশঙ্কা তৈরি হয়েছিল, এর ফলে শহরের নানা অংশে পানীয় জল নিয়ে সমস্যা দেখা দেবে। মঙ্গলবার সকাল থেকে উত্তর কলকাতার একাংশ, মধ্য এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় সেই সমস্যা প্রকট হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় বাড়তি জলের ট্যাংক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে পুর কর্তৃপক্ষ। যদিও তা পর্যাপ্ত নয়। শুক্রবার পর্যন্ত এই সমস্যা চলবে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বিবৃতি দিয়ে জানিয়েছেন, জলের ট্যাংকের প্রয়োজন পড়লে ৯৮৩১১২৭৫২২ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন।
এদিকে, টালা পোস্ট অফিস মোড়ের কাছে ক্ষতিগ্রস্ত পুরানো পাইপলাইনের সঙ্গে একটি নতুন পাইপলাইনের সংযোগ স্থাপনের কাজ চলছে। এই কাজ হয়ে গেলেই জল সরবরাহ স্বাভাবিক করা যাবে। কিন্তু মঙ্গলবার দুপুরের পর মুষলধারে বৃষ্টিতে সেই কাজে কিছুটা সমস্যা হয়। বেশ কিছুক্ষণ ওয়েল্ডিংয়ের কাজ বন্ধ রাখতে হয়।
আধিকারিকরা জানাচ্ছেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি জলশূন্য করা হয়নি। জলের বেগ কমিয়ে ধীরগতিতে ওই পাইপলাইন দিয়েই যতটা সম্ভব জল সরবরাহ করা হচ্ছে। পাইপলাইন পুরোপুরি জলশূন্য করে দেওয়া হলে শহরে সংকট আরও প্রকট হত। আপাতত ধীরগতিতে বিভিন্ন পাম্পিং স্টেশনে জল পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে জলের বেগ কম থাকলেও কিছুটা পরিস্রুত পানীয় জল মেলে। শহরের বহু জায়গায় জলের ট্যাংক পাঠাতে হয়েছে। পুরসভা সূত্রে খবর, এমনিতেই দিনে প্রায় ২৫০টি ট্যাংকার জল সরবরাহের কাজ করে। সেখানে এদিন বাড়তি অন্তত ১০০টি ট্যাঙ্কার বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে। তবুও ভোগান্তি পোহাতে হয়েছে নাগরিককে। বিভিন্ন কলোনি এলাকায় ট্যাঙ্কারের সামনে বালতি হাতে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। কুমোরটুলির উড়েপাড়ায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পুরসভার ট্যাংকার পর্যাপ্ত জল নিয়ে আসছে না বলে অভিযোগ করেন স্থানীয় গৃহবধূরা। এছাড়াও বউবাজারের মদন দত্ত লেন, রামকানাই অধিকারী লেন, শশীভূষণ দে স্ট্রিট, হিদারাম ব্যানার্জি লেনসহ অনেক জায়গায় জলের ট্যাঙ্কার পাঠাতে হয়েছে। পদ্মপুকুর, বেলতলা, গরচা রোড, শিয়ালদহ, সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন বিভিন্ন এলাকায় জলের জন্য হাহাকার পড়ে যায়। ট্যাংক পাঠিয়েও সামাল দেওয়া যায়নি। পুর-আধিকারিকরা জানাচ্ছেন, ট্যাংকার পাঠিয়ে জল দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি যেভাবে জল সরবরাহ করা হয়, তার বিকল্প সার্ভিস জলের ট্যাংক পাঠিয়ে হতে পারে না। এই অবস্থায় ঠিক হয়েছে, যতক্ষণ পর্যন্ত পুরানো পাইপলাইনের সঙ্গে নতুন পাইপের লিংক না হচ্ছে, ততক্ষণ ক্ষতিগ্রস্ত পাইপ দিয়ে জল সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে না। জল সরবরাহ স্বাভাবিক হলে পুরানো লাইনটি জলশূন্য করে মাটির গভীরে ফাটল মেরামতির কাজে হাত দেওয়া হবে। ট্যাংকার থেকে জল নিতে লম্বা লাইন। নিজস্ব চিত্র



