সংবাদদাতা, দিনহাটা: নলকূপ থাকলেও জল নেই! পানীয় জলের চরম সঙ্কট দিনহাটা-২ ব্লকের কালমাটির বিস্তীর্ণ এলাকায়। বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের কালমাটি, বাদলগির, আটিয়াল ডাঙ্গা ও দক্ষিণ কালমাটির বাসিন্দারা আজও পানীয় জলের জন্য সংগ্রাম করে চলেছেন। এলাকার বাড়ি বাড়ি টিউবওয়েল থাকলেও অধিকাংশই অকেজো। আবার যেগুলি সচল, সেগুলির জল স্বাস্থ্যকর নয় বলে দাবি স্থানীয়দের।
বাড়ির সামনে নলকূপ থাকলেও অনেক পরিবারকে প্রতিদিন দু’কিমি পেরিয়ে দূরবর্তী এলাকা থেকে কলসি, ড্রাম ও বোতলে করে জল আনতে হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নলকূপের জল অত্যন্ত নোংরা, তাতে আয়রনের মাত্রা এতটাই বেশি যে, বাচ্চা থেকে বয়স্করা পেটের অসুখ, ত্বকের সমস্যায় ভুগছেন।
স্থানীয় বাসিন্দা বাদল বর্মন বলেন, আমাদের গ্রামে পাইপলাইন বসানো হয়েছে ঠিকই, কিন্তু তাতে জল আসে না। বাধ্য হয়ে রোজ অনেকটা দূর থেকে জল আনতে হচ্ছে। বৃষ্টি হলে এই পথ চলা দুঃসহ হয়ে ওঠে।
বাদলের মতো ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাঁরা সরাসরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা না করা হলে আন্দোলন করা হবে। স্থানীয় পঞ্চায়েত সদস্য সন্তোষ রায় বলেন, বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হলেও বাস্তবে অনেক ঘরে এখনও জল পৌঁছয়নি। বিষয়টি প্রশাসনের উচ্চস্তরে জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি।
এদিকে সমস্যার মূল কারণ হিসেবে ফান্ডের সমস্যা ও ঠিকাদারদের কাজ বন্ধ রাখার কথা বলেছেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কোচবিহার ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত ধর। তিনি বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে একাধিক ঠিকাদার জল সরবরাহ সংক্রান্ত কাজ বন্ধ রেখেছেন। আমরা রাজ্য সরকারের নির্দেশিকা ও বরাদ্দের অপেক্ষায় রয়েছি।